| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল তুরস্ক

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২২, ২০২৬ ইং | ১০:৩৭:২০:পূর্বাহ্ন  |  ১২৬৭ বার পঠিত
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল তুরস্ক

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া ত্রাণবাহী বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা-র কর্মীদের সঙ্গে সংশ্লিষ্ট একটি ঘটনায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই পরোয়ানা জারি করা হয়েছে।

তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক জানিয়েছেন, একই মামলায় ইসরাইলি নাগরিক আফেক মস্কোভিচের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলাটি বর্তমানে ইস্তাম্বুলের ১১তম হাই ক্রিমিনাল কোর্টে বিচারাধীন। ২০২৬/১০৮ নম্বর এই মামলায় মোট ৩৫ জন আসামি রয়েছেন। তাদের মধ্যে নেতানিয়াহু ও মস্কোভিচও রয়েছেন।

তুরস্কের বিচার মন্ত্রণালয় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে মামলার সংশ্লিষ্ট নথিপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিচারমন্ত্রী গুরলেক।

তিনি জানান, গত ১৪ জুলাই নেতানিয়াহু ও মস্কোভিচের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এরপর তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে আইনগত পদক্ষেপ এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তুরস্কের ভাষ্য অনুযায়ী, মামলাটির কেন্দ্রবিন্দুতে রয়েছে আন্তর্জাতিক জলসীমায় গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করা বেসামরিক নাগরিকদের ওপর কথিত সশস্ত্র অভিযান এবং পরবর্তী সময়ে ফ্লোটিলায় অংশ নেওয়া কর্মীদের আটক করার ঘটনা।

তদন্তে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জব্দ করা এবং গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা কর্মীদের আটকের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। তুরস্কের কর্তৃপক্ষ এসব ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগে বিচারিক কার্যক্রম পরিচালনা করছে।

মামলায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের পাশাপাশি গুরুতরভাবে স্বাধীনতা হরণ, ইচ্ছাকৃতভাবে আহত করা, নির্যাতন, সম্পদের ক্ষতিসাধন, গুরুতর ধরনের ছিনতাই এবং পরিবহণযান ছিনতাইয়ের মতো অভিযোগও আনা হয়েছে।

তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক বলেন, আসামিদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চলমান রয়েছে এবং এ ঘটনায় তুরস্ক প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ অব্যাহত রাখবে। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের পাশে থাকার বিষয়ে তুরস্কের অবস্থান স্পষ্ট এবং মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের এই পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা এবং এ ধরনের কার্যক্রমে অংশ নেওয়া বেসামরিক নাগরিকদের নিরাপত্তা ও অধিকার নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে যে বিতর্ক চলছে, তার মধ্যেই তুরস্কের আদালতে এ মামলা গুরুত্বপূর্ণ মাত্রা পেয়েছে।

তথ্যসূত্র: সামা টিভি


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪