| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৬, ২০২৬ ইং | ১৬:১৪:১৫:অপরাহ্ন  |  ৩০ বার পঠিত
বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটি বাড়াতে শিক্ষাকে অন্যতম প্রধান মাধ্যম হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

বুধবার (২৬ আগস্ট) চীনের রাজধানী বেইজিংয়ে ‘চীন-বাংলাদেশ এডুকেশন কো-অপারেশন’ শীর্ষক এক উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

চীন সরকারের আমন্ত্রণে বর্তমানে দেশটি সফর করছেন মাহদী আমিন। অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ আরও বাড়ানো সম্ভব।

মাহদী আমিন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় বাংলাদেশ ও চীনের সম্পর্কের গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি হয়। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে এ সম্পর্ক আরও শক্তিশালী হয়। বর্তমান সরকারও চীনের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের নির্বাচনি ইশতেহারে শিক্ষা ব্যবস্থার সংস্কারের বিষয়টি গুরুত্ব পেয়েছে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি তরুণদের আন্তর্জাতিক কর্মবাজারের জন্য প্রস্তুত করতে তৃতীয় ভাষা শেখানোর পরিকল্পনাও রয়েছে। এর মধ্যে চীনা ভাষা মান্দারিন শেখানোর বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে আরও বেশি স্কলারশিপের ব্যবস্থা করার কথা জানান তিনি। পাশাপাশি দুই দেশের মধ্যে যৌথ গবেষণা প্রকল্প এবং আধুনিক ল্যাব সুবিধা তৈরির বিষয়ে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।

চীনের বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে মাহদী আমিন বলেন, দুই দেশের মধ্যে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময় আরও বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণেও দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়াসহ চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

এ সময় ‘চীন-বাংলাদেশ শিল্প ও শিক্ষা একীকরণ আন্তর্জাতিক সেবা কেন্দ্র’ নামে একটি যৌথ আন্তর্জাতিক সেবা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪