রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশে সারের কোনো ঘাটতি নেই উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সারের সরবরাহ পরিস্থিতি নিয়ে বাস্তবে যতটা না সংকট রয়েছে, তার চেয়ে অসত্য রটনাই বেশি ছড়ানো হচ্ছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে লালমনিরহাটে সার বিতরণ ও ব্যবস্থাপনা বিষয়ক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, কৃষক পর্যায়ে সারের সরবরাহ ও বিতরণ ব্যবস্থা আরও সহজ ও গতিশীল করতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে প্রতিটি ইউনিয়নে আরও একজন করে নতুন সার ডিলার নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি দ্রুত সার পৌঁছাতে খুচরা বিক্রেতার সংখ্যাও বাড়ানো হবে।
কৃষিখাতে সরকারের নীতিগত সমর্থনের কথা উল্লেখ করে ত্রাণমন্ত্রী বলেন, সরকার সারে বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে যাচ্ছে। তাই কৃষকদের ভোগান্তি সৃষ্টি করে অসৎ ডিলাররা কৃত্রিম সংকট তৈরি বা সার মজুত করলে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি সতর্ক করে জানান, কৃত্রিম সংকটকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে মজুতকৃত সার উদ্ধার করা হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে মন্ত্রী ঈদে মিলাদুন্নবী ও স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় লালমনিরহাটের জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হকসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম