স্টাফ রিপোর্টার: যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, তাঁর স্ত্রী নাহিদ সুলতানা ও তাজনীন ওহাব বৃষ্টির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এ আদেশ দেন।
এর আগে তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক এ কে এম মাহবুবুর রহমান এ আবেদন করেন।
আবেদনে বলা হয়, শেখ ফজলে শামস পরশের নিজ নামে এবং তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থের লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।
দুদকের আবেদনে আরও বলা হয়, অনুসন্ধানের সময় গোপন সূত্রে জানা গেছে, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাঁরা দেশত্যাগ করলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ কারণে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশযাত্রা রহিত করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
শুনানি শেষে আদালত শেখ ফজলে শামস পরশ, নাহিদ সুলতানা ও তাজনীন ওহাব বৃষ্টির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার আদেশ দেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব