স্টাফ রিপোর্টার: গুম প্রতিরোধ, মানবাধিকারসহ তিনটি বিল জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) উত্থাপিত বিলগুলো কণ্ঠভোটে পাস হলে সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। পরীক্ষা-নিরীক্ষা করে আগামী দুই দিনের মধ্যে সংশ্লিষ্ট কমিটিগুলোকে সংসদে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ উত্থাপন করেন। দেশে গুম প্রতিরোধ, দায়ীদের শাস্তি নিশ্চিত, ভুক্তভোগী পরিবারের অধিকার সংরক্ষণ এবং মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যেই এই বিল আনা হয়েছে।
‘জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯’ রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান।
এ ছাড়া আইনমন্ত্রী ‘ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট ১৮৮২’-এর সংশোধনের জন্য ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ উত্থাপন করেন।
উত্থাপনের পর তিনটি বিলই পৃথকভাবে পরীক্ষা করে দুই দিনের মধ্যে সংসদে প্রতিবেদন প্রদানের জন্য সংশ্লিষ্ট স্থায়ী কমিটিতে প্রেরণের প্রস্তাব করা হয়। আলাদাভাবে তা কণ্ঠভোটে পাস হলে সংশ্লিষ্ট স্থায়ী কমিটিতে বিলগুলো পাঠানো হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব