বেনাপোল প্রতিনিধি: প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ ঘিরে জমে উঠেছে নির্বাচনী আমেজ। নির্ধারিত সময়সূচি অনুযায়ী রোববার (৬ সেপ্টেম্বর) প্রেসক্লাবের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র গ্রহণ করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সদস্য সচিব অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল।
এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছে সভাপতি পদকে ঘিরে। এ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রবীণ সাংবাদিক ও দৈনিক প্রভাত ফেরীর সম্পাদক ফকির শওকত এবং দৈনিক যশোরের প্রকাশক ও সম্পাদক জাহিদ হাসান টুকুন। দুই অভিজ্ঞ সাংবাদিকের মুখোমুখি লড়াইয়ে নির্বাচনী মাঠে বাড়তি উত্তাপ তৈরি হয়েছে। সভাপতি পদে ভোটের হিসাব-নিকাশ নিয়ে এরই মধ্যে সদস্যদের মধ্যে শুরু হয়েছে আলোচনা।
সাধারণ সম্পাদক পদে ত্রিমুখী লড়াই
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। তারা হলেন—নূর ইসলাম, জুয়েল মৃধা ও ওয়াহাবুজ্জামান ঝন্টু। গুরুত্বপূর্ণ এ পদে তিনজন প্রার্থী থাকায় নির্বাচনে বাড়তি আগ্রহ দেখা দিয়েছে। প্রার্থীরাও সদস্যদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন যারা প্রেসক্লাব যশোরের কয়েকটি পদে একক প্রার্থী থাকায় এসব পদে ভোট ছাড়াই নির্বাচিত হতে যাচ্ছেন কয়েকজন প্রার্থী। সহ-সভাপতি পদে আনোয়ারুল কবীর নান্টু ও সরোয়ার হোসেন একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৩ জন মনোনয়নপত্র কিনলেও একজন জমা দেয়নি। ফলে ভোটাভুটির প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে।
এছাড়া যুগ্ম সম্পাদক পদে কাজী আশরাফুল আজাদ ও ফিরোজ গাজী, কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন এবং দপ্তর সম্পাদক পদে তৌহিদ মনি একক প্রার্থী হিসেবে রয়েছেন। ফলে তাদেরও প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে না।
অন্যান্য পদে প্রার্থীতা
সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন দেওয়ান মোর্শেদ আলম ও সাইফুর রহমান সাইফ।
সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন আব্দুল ওহাব মুকুল, শহিদ জয়, তৌহিদ জামান, রফিকুল ইসলাম, মুরশিদুল আজিম হিরু, গালিব হাসান পিল্টু, এস এম সোহেল এবং সাফিকুল আলম (সাফিক সাঈদ)।
মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে প্রেসক্লাব যশোরের নির্বাচনী কার্যক্রমে নতুন গতি এসেছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ যেসব পদে একাধিক প্রার্থী রয়েছেন, সেসব পদে ভোটারদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও হিসাব-নিকাশ। প্রার্থীরাও নিজেদের পক্ষে সমর্থন আদায়ে সদস্যদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন।
প্রেসক্লাব যশোরের সদস্যরা আশা করছেন, পারস্পরিক সৌহার্দ্য, পেশাদারিত্ব ও গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে নির্বাচন পরিচালনা কমিটি প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬ প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে প্রেসক্লাবজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
রিপোর্টার্স২৪/রাফিদ