রিপোর্টার্স২৪ ডেস্ক: ইয়েমেনে হুতিদের সামরিক সক্ষমতা বাড়াতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শত শত কর্মকর্তা সরাসরি কাজ করছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যেই হুতিদের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন আইআরজিসির এসব কর্মকর্তা।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের লোহিত সাগর উপকূলে হুতি যোদ্ধাদের অবস্থান যখন দ্রুত শক্তিশালী হচ্ছে, ঠিক সেই সময়েই সেখানে আইআরজিসির শত শত কর্মকর্তার উপস্থিতির তথ্য সামনে এসেছে।
যুক্তরাষ্ট্রের এই দাবি সত্য হলে, মধ্যপ্রাচ্যের সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, হুতিদের হাতে বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ চলে গেলে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে নৌ চলাচলে যে ধরনের চাপ তৈরি হয়েছে, তার সঙ্গে বিশ্বের আরেকটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথও বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে।
এদিকে গত কয়েক দিন ধরে সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের বাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ের পর বৃহস্পতিবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মোখা বন্দর দখলে নেয় হুতিরা। বাব আল-মান্দেব প্রণালি থেকে মাত্র প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত এই বন্দরটি ভৌগোলিক ও সামরিক দই দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মোখা বন্দরের নিয়ন্ত্রণ নেওয়ার ফলে বাব আল-মান্দেবের কাছাকাছি এলাকায় হুতিদের সামরিক উপস্থিতি আরও শক্তিশালী হয়েছে। একই সঙ্গে গোষ্ঠীটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হানিশ দ্বীপপুঞ্জের দিকেও অগ্রসর হয়েছে বলে সামরিক সূত্রগুলো জানিয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম