| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চিলিতে বৃদ্ধাশ্রমে ভয়াবহ আগুন, নিহত ১৬

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৩, ২০২৬ ইং | ২১:৫৬:৪৩:অপরাহ্ন  |  ৬২৪৭ বার পঠিত
চিলিতে বৃদ্ধাশ্রমে ভয়াবহ আগুন, নিহত ১৬

ইন্টারন্যাশনাল ডেস্ক: চিলির দক্ষিণাঞ্চলের একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ প্রবীণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে পিত্রুফকেন শহরের ‘এল এদেন’ বৃদ্ধাশ্রমে আগুন লাগার পর মুহূর্তেই তা ভয়াবহ রূপ নেয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ৬৪০ কিলোমিটার দক্ষিণে বৃদ্ধাশ্রমটির অবস্থান। স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে সেখানে থাকা ১৬ জন প্রাণ হারান। তবে ১০ জনকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হন উদ্ধারকর্মীরা।

শনিবার সকালে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। এরপর শুরু হয় ধ্বংসস্তূপ সরানোর কাজ। আগুনের তীব্রতায় ভবনের ঢেউটিনের ছাদ ধসে পড়ে। দমকলকর্মীরা ধ্বংসাবশেষ সরিয়ে হতাহতদের সন্ধান ও আলামত সংগ্রহের কাজ করেন। নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে রাখে পুলিশ।

তবে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের পেছনে কী কারণ ছিল, তা এখনো স্পষ্ট নয়। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। সরকারি কৌঁসুলি হোর্হে গ্রানাদার নেতৃত্বে চলছে তদন্ত কার্যক্রম।

মর্মান্তিক এ ঘটনায় চিলির সব বৃদ্ধাশ্রমের নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্তে। একই সঙ্গে অগ্নিকাণ্ড প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কি না, সেটিও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট কাস্তে বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হলো এবং নিরাপত্তা তদারকি বা অগ্নিকাণ্ড প্রতিরোধে কোথাও কোনো ব্যর্থতা ছিল কি না, তা খুঁজে বের করা হবে। এ বিষয়ে বিচার বিভাগের তদন্তে সরকার পূর্ণ সহযোগিতা করবে।

তিনি আরও বলেন, আগেই কোনো সতর্কবার্তা দেওয়া হয়েছিল কি না এবং দেওয়া হয়ে থাকলে সে অনুযায়ী কী পদক্ষেপ নেওয়া হয়েছিল, সেটিও তদন্ত করে দেখা হবে। প্রকৃত সত্য সামনে আনার পাশাপাশি ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় সব সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হবে।

পিত্রুফকেনের মেয়র জ্যাকলিন রোমেরো এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন। তিনি বলেন, এই ঘটনা পুরো শহরকে গভীর শোক ও কষ্টে নিমজ্জিত করেছে। নিহতদের স্বজনদের পাশে রয়েছে স্থানীয় প্রশাসন এবং তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডের পর চিলিতে বৃদ্ধাশ্রমগুলোর অগ্নিনিরাপত্তা ও জরুরি উদ্ধারব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তদন্ত শেষ হলে আগুনের প্রকৃত কারণের পাশাপাশি নিরাপত্তাব্যবস্থায় কোনো ঘাটতি বা অবহেলা ছিল কি না, সেটিও স্পষ্ট হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪