স্টাফ রিপোর্টার: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুলহক নুর বলেন, গত কয়েকদিন আগে লন্ডনে প্রধান উপদেষ্টা আওয়ামিলীগের নিষিদ্ধের বিষয়ে যা বলছেন তা দুঃখজনক। আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে প্রধান উপদেষ্টা বক্তব্যে আমরা হতাশ। সবাই আপস করলেও আওয়ামী লীগের প্রশ্নে গণঅধিকার পরিষদ আপস করবে না।
তিনি বলেন, অনেকেই আবার জাতীয় পার্টি কে ফেরানোর কথা বলছে। আমরা স্পষ্ট বলছি জাতীয় পার্টি, আওয়ামী লীগের দোসর ১৪ দলের প্রশ্নে আমরা কোন আপোষ করবো না। এই প্রশ্নে কোনো রাজনৈতিক দল বা উপদেষ্টা কাউকেই ছাড় দেয়া হবে না।
মঙ্গলবার (১ জুলাই) সকাল ১১ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন (২০১৮-২০২৪) শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন নুর।
জুলাই ঐক্যের প্রতীক উল্লেখ করে গণঅধিকার পরিষদ সভাপতি বলেন, জুলাই বিভাজন নয়, ঐক্যের প্রতীক। কিন্তু অনেক দল, যারা মনে করে ক্ষমতায় যেতে পারে, তারা তো কিছুই মানতে চায় না। বিভেদ তৈরি হয় এমন বক্তব্য থেকে সবার দূরে থাকা উচিত।
বর্তমান উপদেষ্টা পরিষদের যে ‘ফিটনেস’, তা দিয়ে জাতীয় নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন নুরুল হক নুর। তিনি আরও বলেন, আবু সাঈদের বাবা একটি টেলিভিশন ইন্টারভিউতে বলেছেন, তারা রাষ্ট্রীয় সহযোগিতা পাননি। কেনো এখনও তাদের এই আক্ষেপ থাকবে এর দায় সরকারের। ঐকমত্য কমিশনে বেশিরভাগ নেতাকর্মীর কণ্ঠেই অনৈক্যের সুর। প্রয়োজনে গণভোটের আয়োজন করার আহ্বান জানান তিনি।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য মাহফুজুর রহমান খানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম প্রমুখ।
রিপোর্টার্স২৪/আরএইচ