মৌলভীবাজার প্রতিনিধি: সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উদ্যোগে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ কর্মসূচি-২০২৬-এর প্রথম পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহত্তর সিলেটের চার জেলার সুবিধাবঞ্চিত নারীদের আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে নেওয়া সাত লাখ টাকার এ প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে ৫০টি সেলাই মেশিন বিতরণ করা হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটালের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উপদেষ্টা আলহাজ্ব আনসার মিয়ার সভাপতিত্বে এবং ইনসানিয়া স্পেশালাইজড হসপিটালের ফাইন্যান্স ডিরেক্টর আসরাফ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড ইস্ট আসনের ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ব্যারিস্টার ইমরান হোসেন এমপি। তিনি আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিন বিতরণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উপদেষ্টা, বিশিষ্ট কমিউনিটি নেতা ও রাজনীতিবিদ মাহিদুর রহমান এবং ব্র্যাডফোর্ড মেট্রোপলিটন ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাউন্সিলর হাসানুজ্জামান খান। এছাড়া ইউসুফ আলী, খালেদ চৌধুরী, সৈয়দ মমশাদ আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী ইব্রাহিম আহমেদ। পরে সেলাই মেশিন বিতরণ কর্মসূচি-২০২৬ সফল করতে যারা আর্থিক অনুদান দিয়েছেন, তাদের নাম পড়ে শোনান এম মুহিবুর রহমান মুহিব।
অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের প্রেসিডেন্ট ও কমিউনিটি নেতা মোহাম্মদ মকিস মনসুর। তিনি প্রকল্প বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম ও আর্থিক সহযোগিতা করা ব্যক্তিদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত অতিথি, সুধীজন ও অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
মোহাম্মদ মকিস মনসুর বলেন, নারীর ক্ষমতায়ন ও তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মৌলভীবাজারে প্রথম পর্বের কার্যক্রমের পর পর্যায়ক্রমে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায়ও সেলাই মেশিন বিতরণ করা হবে। মোট ৫০টি সেলাই মেশিন বিতরণের মাধ্যমে সাত লাখ টাকার এ প্রকল্প অব্যাহত থাকবে বলেও তিনি ঘোষণা দেন। একই সঙ্গে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের অতীতের মতো ভবিষ্যতের কার্যক্রমেও সবার সহযোগিতা কামনা করেন তিনি।
আয়োজকরা জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সিলেট বিভাগের উন্নয়ন, কমিউনিটির ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি বিভিন্ন মানবিক ও সামাজিক প্রকল্প বাস্তবায়নে কাজ করে আসছে। একই সঙ্গে সিলেট বিভাগের ন্যায্য দাবি-দাওয়া আদায়ের বিভিন্ন কর্মসূচিতেও সংগঠনটি ভূমিকা পালন করে আসছে।
সেলাই মেশিন বিতরণ কর্মসূচি-২০২৬ বাস্তবায়নে যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং দানশীল ব্যক্তিরা সহযোগিতা করেছেন। অনুদান প্রদানকারীদের মধ্যে রয়েছেন—গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের প্রেস্টন শাখার বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম. হোসাইন এমবিই, সংগঠনের প্রতিষ্ঠাকালীন কালচারাল সেক্রেটারি মিসেস শাহিদা এইচ. হোসাইন, সিনিয়র উপদেষ্টা ও একাত্তরের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, প্রেসিডেন্ট মোহাম্মদ মকিস মনসুর, জেনারেল সেক্রেটারি ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ আশরাফ মিয়া, ট্রেজারার হেলেন ইসলাম, সাউথ ইস্ট রিজিওনাল প্রেসিডেন্ট হারুনুর রশিদ, মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর আব্দুন নূর মোহন, কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট কাউন্সিলর হাবিবুর রহমান রানা, সাউথ ইস্ট রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট গিয়াস উদ্দিন, সাউথ ওয়েলস রিজিওনাল প্রেসিডেন্ট মুজিবুর রহমান মুজিব, নর্থ ওয়েলস রিজিওনাল প্রেসিডেন্ট শাহজানুর রাজা, ওয়েস্ট মিডল্যান্ড রিজিওনাল প্রেসিডেন্ট আশিক মিয়া, কেন্ট রিজিওনাল কালচারাল সেক্রেটারি নূরজাহান রহমান, সাউথ ওয়েলস রিজিওনাল জেনারেল সেক্রেটারি রকিবুর রহমান, ট্রেজারার এ. বি. রুনেল, নর্থ ওয়েলস রিজিওনাল ফাইন্যান্স সেক্রেটারি হারুন আলম, নর্থ রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনোহর আলী (রুকনুজ্জামান), নর্থ রিজিওনাল সিনিয়র সদস্য মো. আব্দুল খালেক, নিউপোর্ট শাখার প্রেসিডেন্ট ফয়সল রহমান, নর্থ ওয়েলস রিজিওনাল সিনিয়র মেম্বার শাহ নেওয়াজ শাহান এবং বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা মোহাম্মদ আব্দুল মুকিতসহ অন্যান্য দানশীল ব্যক্তি।
আয়োজকরা আশা প্রকাশ করেন, সেলাই মেশিন পাওয়ার মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীরা নিজ নিজ এলাকায় কাজের সুযোগ তৈরি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন। এর মাধ্যমে পরিবার ও সমাজে নারীদের ভূমিকা আরও শক্তিশালী হবে এবং মানবিক সহায়তার পাশাপাশি দীর্ঘমেয়াদি আত্মনির্ভরশীলতার পথ তৈরি হবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব