| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনআইডি সংশোধনের ৯ লাখের বেশি আবেদন নিষ্পত্তি : ইসি

reporter
  • আপডেট টাইম: Jul ০২, ২০২৫ ইং | ০৭:৪৮:২২:পূর্বাহ্ন  |  ১৬৮৩৬৭৮ বার পঠিত
এনআইডি সংশোধনের ৯ লাখের বেশি আবেদন নিষ্পত্তি : ইসি
ছবির ক্যাপশন: আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এনআইডি সংশোধনের ক্রাশ প্রোগ্রাম নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন ইসির সিনিয়র সচিব আখতার হোসেন। ছবি : সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক :

জাতীয় পরিচয়পত্র সংশোধনের লক্ষ্যে চালু হওয়া ক্রাশ প্রোগ্রামে এখন পর্যন্ত ৯ লাখ ৮৪ হাজার ৩৫৬টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৯ লাখ ৭ হাজার ৬৬২টি আবেদন এরই মধ্যে নিষ্পত্তি করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার হোসেন।

বুধবার (২ জুলাই) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এনআইডি সংশোধনের ক্রাশ প্রোগ্রাম নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

ইসির সিনিয়র সচিব আখতার হোসেন বলেন, কমিশন ক্রাশ প্রোগ্রামের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ায় এ পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব হয়েছে। তবে যেসব আবেদন এখনো নিষ্পত্তি হয়নি, সেগুলোর বেশিরভাগেই বিভিন্ন ধরনের সমস্যা থাকায় কিছুটা বিলম্ব হচ্ছে। তবুও জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য জমা পড়া আবেদন দ্রুত নিষ্পত্তিতে কমিশন সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এক প্রশ্নের জবাবে ইসি সচিব জানান, মাঠপর্যায়ে নাগরিকদের ভোগান্তি কমাতে অভিযোগ গ্রহণ করে তা আমলে নিচ্ছে কমিশন। সেইসঙ্গে জাতীয় পরিচয়পত্রের তথ্য যাতে ফাঁস না হয়, তা নিশ্চিত করতে কমিশনের তথ্য ব্যবস্থাপনায় প্রযুক্তিগত পরিবর্তন আনা হচ্ছে।

তিনি আরও জানান, এনআইডি সেবার ক্ষেত্রে এখন থেকে নিজস্ব মোবাইল নম্বরে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। এর ফলে, ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করা সহজ হবে এবং তথ্য ফাঁসের ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে কমে যাবে।

এদিকে গতকাল মঙ্গলবার (১ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, চ্যালেঞ্জের মুখে ফুল গিয়ারে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে। প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিলেন। আমি জানিয়েছি পুরোদমে নির্বাচনের প্রস্তুতি চলছে।

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই সময় ধরে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যথাসময়ে নির্বাচনের তারিখ এবং শিডিউল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

সিইসি আরও বলেন, আমরা চারটা গিয়ার চালিয়ে ফুল গিয়ারে প্রস্তুতি নিচ্ছি, যেভাবে পাহাড়ে চারটা গিয়ার দিয়ে গাড়ি চালানো হয়। নানাবিধ চ্যালেঞ্জের মধ্য দিয়ে আমরা প্রস্তুতি নিয়ে যাচ্ছি। সরকার যখন চায় তখন যেন আমরা ইলেকশনটা করতে পারি।

নির্বাচন নিয়ে সরকারের মনোভাব বিষয়ে এম নাসির উদ্দিন বলেন, প্রধান উপদেষ্টা খুব আন্তরিক, নিরপেক্ষ যেন নির্বাচন হয়। উনার আন্তরিকতা প্রশ্নাতীত। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রধান উপদেষ্টার সঙ্গে আমরা একই ওয়েবলেন্থে আছি। প্রধান উপদেষ্টা নিরপেক্ষ, আমরাও নিরপেক্ষ।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪