| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন, দেশে ফিরবেন না: তথ্য উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৬ ইং | ১৬:৩৬:৩৬:অপরাহ্ন  |  ১৯৩ বার পঠিত
পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন, দেশে ফিরবেন না: তথ্য উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশে ফিরছেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, ভারতে অবস্থানরত শেখ হাসিনা ফেসবুকেই থাকবেন, দেশে আসবেন না। তার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরাসরি ‘মোটেও না’ বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘তথ্যের অধিকার, আমার অধিকার’ প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভা ও তথ্য মেলা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, ‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন, দেশে আসবেন না।’ সাংবাদিকেরা তিনি দেশে ফিরতে পারবেন কি না, এমন প্রশ্ন করলে তথ্য উপদেষ্টা স্পষ্টভাবে বলেন, ‘মোটেও না।’

এ সময় আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের কর্মকাণ্ডেরও সমালোচনা করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তার অভিযোগ, দেশের বাইরে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন কর্মকাণ্ড দেশের ভেতরে থাকা দলটির অন্য নেতাকর্মীদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

তিনি বলেন, পলাতক আওয়ামী লীগ নেতারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরনের শোরগোল করছেন। কেউ কেউ আগুন দেওয়ার ঘটনা ঘটাচ্ছেন এবং এসব কর্মকাণ্ড সরাসরি সম্প্রচার করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব প্রচার-প্রচারণা দেখে অনেকের মনে হচ্ছে, দেশে বড় ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু বাস্তবে দেশের পরিস্থিতি তেমন নয় বলে মন্তব্য করেন তিনি।

জাহেদ উর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কর্মকাণ্ড প্রচার করে দেশে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে—এমন একটি ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে অনলাইনে প্রচারিত এসব বক্তব্য ও কর্মকাণ্ডের সঙ্গে দেশের বাস্তব পরিস্থিতির পার্থক্য রয়েছে।

ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, যারা এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের শনাক্ত করে খুঁজে বের করবে। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

তার মতে, পলাতক নেতাকর্মীদের কর্মকাণ্ডের দায় দেশের ভেতরে অবস্থানরত অন্য নেতাকর্মীদের ওপরও প্রভাব ফেলতে পারে। এ কারণে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকা প্রয়োজন।

উল্লেখ্য, শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য সময় নিয়ে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। এর মধ্যে ১৬ ডিসেম্বর দেশে ফেরার প্রসঙ্গও সামনে এসেছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানের এই মন্তব্য রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪