| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশকে এলএনজি সরবরাহ নিয়ে দুঃসংবাদ দিল কাতার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৯, ২০২৬ ইং | ১৪:২৯:৩৫:অপরাহ্ন  |  ৪০৬ বার পঠিত
বাংলাদেশকে এলএনজি সরবরাহ নিয়ে দুঃসংবাদ দিল কাতার

ইন্টারন্যাশনাল ডেস্ক: হরমুজ প্রণালি দিয়ে নৌচলাচল ব্যাহত হওয়ার কারণে বাংলাদেশ ও পাকিস্তানসহ এশিয়ার বেশ কয়েকটি দেশে আগামী নভেম্বর পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ স্থগিত রাখবে কাতার। দেশটির রাষ্ট্রীয় সরবরাহকারী প্রতিষ্ঠান কাতারএনার্জি ‘ফোর্স ম্যাজিউর’ বা অনিবার্য পরিস্থিতির নোটিশের মেয়াদ বাড়িয়ে দেওয়ায় এই সংকট তৈরি হয়েছে।

ইতালির শীর্ষস্থানীয় জ্বালানি কোম্পানি এডিসন এবং আন্তর্জাতিক বাণিজ্যিক সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। 

এডিসনের তথ্য অনুযায়ী, গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাতের কারণে প্রথমবার এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটলে ‘ফোর্স ম্যাজিউর’ নোটিশ জারি করে কাতারএনার্জি। এরপর পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় দফায় দফায় সেই নোটিশের মেয়াদ বাড়ানো হয়। ইতালির প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বছরের ডিসেম্বরের আগে তারা কাতার থেকে কোনো এলএনজি কার্গো পাচ্ছে না।

অন্যদিকে এশিয়ার বাণিজ্যিক সূত্রগুলো নিশ্চিত করেছে, বাংলাদেশ ও পাকিস্তানের মতো দীর্ঘমেয়াদি এলএনজি আমদানিকারক দেশগুলোকে আগামী নভেম্বর পর্যন্ত কাতার থেকে এলএনজি না পাওয়ার বার্তা পাঠানো হয়েছে।

ইরান সংঘাতের সার্বিক প্রভাবের কারণে কাতার তীব্র অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হয়েছে। বাজার বিশ্লেষণকারী সংস্থা আইসিআইএসের তথ্য অনুযায়ী, গত বছরের আগস্টে যেখানে কাতার ৫০৯টি এলএনজি কার্গো পাঠাতে পেরেছিল, সেখানে চলতি বছরের আগস্ট পর্যন্ত তারা মাত্র ১৮টি কার্গো পাঠাতে সক্ষম হয়েছে। পরিসংখ্যান বলছে, আগস্টের শেষ নাগাদ দেশটির এলএনজি রপ্তানি প্রায় ৯৬ শতাংশ হ্রাস পেয়েছে।

এদিকে ইতালির প্রতিষ্ঠান এডিসন জানিয়েছে, কাতারএনার্জি তাদের আরও ৬টি চালান বাতিল করায় মোট সরবরাহ না পাওয়া চালানের সংখ্যা দাঁড়াল ৩৫টিতে। সংকট সামাল দিতে প্রতিষ্ঠানটি বিকল্প হিসেবে মূলত যুক্তরাষ্ট্রের সরবরাহকারীদের ওপর নির্ভর করছে।

কাতারএনার্জির সঙ্গে এডিসনের ২০০৯ সাল থেকে ২৫ বছর মেয়াদি একটি চুক্তি রয়েছে, যার আওতায় প্রতিষ্ঠানটি বার্ষিক ৬ দশমিক ৪ বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ করে থাকে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪