| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কেন বাংলাদেশের বিমান আটকে দিয়েছিল, ব্যাখ্যা দিল পাকিস্তান

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৯, ২০২৬ ইং | ১৬:৪২:০০:অপরাহ্ন  |  ৯৫৭ বার পঠিত
কেন বাংলাদেশের বিমান আটকে দিয়েছিল, ব্যাখ্যা দিল পাকিস্তান

রিপোর্টার্স২৪ ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম বহনকারী বাংলাদেশের একটি বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে বাংলাদেশে পৌঁছাতে পারেনি। এ ঘটনায় পাকিস্তানের কাছে অনুমতি না দেওয়ার কারণ জানতে চাওয়া হলেও শুরুতে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। এবার বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইসলামাবাদ।

পাকিস্তানের দাবি, বাংলাদেশের ইউরেনিয়ামবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার বিষয়টি কোনো রাজনৈতিক সিদ্ধান্তের ফল নয়। বরং ফ্লাইটের রুট নির্ধারণ, আকাশসীমা ব্যবহারের অনুমতি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রক্রিয়াগত ও কারিগরি ব্যবস্থাপনার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকায় পাকিস্তান হাইকমিশন থেকে দেওয়া এক বিবৃতিতে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়েছে, কূটনৈতিক ফ্লাইট এবং আকাশসীমা ব্যবহারের অনুমতির জন্য করা সব আবেদন পাকিস্তানের প্রচলিত নিয়ম, বেসামরিক বিমান চলাচলবিষয়ক প্রটোকল এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করা হয়।

পাকিস্তান হাইকমিশন জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি পরিবহন নিয়ে সম্প্রতি যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেখানে যে বিষয়টির কথা বলা হচ্ছে, সেটি মূলত ফ্লাইটের রুট নির্ধারণ এবং পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি সংক্রান্ত কারিগরি ও প্রক্রিয়াগত ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত।

হাইকমিশনের ভাষ্য অনুযায়ী, এ ধরনের ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিমান চলাচল কর্তৃপক্ষসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের প্রয়োজন হতে পারে। এই সমন্বয় ও অনুমোদন প্রক্রিয়ার কারণে কোনো কোনো ক্ষেত্রে নির্ধারিত ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।

পাকিস্তান আরও জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে তাদের দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রূপপুরের জ্বালানি পরিবহন নিয়ে সৃষ্ট ঘটনাটিকে যথাযথ কারিগরি ও প্রক্রিয়াগত প্রেক্ষাপটে দেখার আহ্বান জানিয়েছে ইসলামাবাদ।

একই সঙ্গে পাকিস্তান হাইকমিশন বলেছে, এমন কোনো প্রতিবেদন বা বক্তব্যকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া উচিত নয়, যার কারণে দুই দেশের মধ্যকার সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এর আগে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছিলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি বহনকারী বিমানটি ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। তবে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় বিমানটি নির্ধারিত সময়ে বাংলাদেশে আসতে পারেনি।

তখন পাকিস্তান কেন ওই ফ্লাইটকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। ফলে ঘটনাটি নিয়ে নানা আলোচনা তৈরি হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, সংশ্লিষ্ট রুটে সাধারণত একাধিক দেশের আকাশসীমা ব্যবহার করতে হয়। এর মধ্যে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় ইউরেনিয়ামবাহী ফ্লাইটটি স্থগিত করা হয়।

পরে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানায়, অক্টোবর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আবারও ইউরেনিয়াম সরবরাহ শুরু হবে। বছরের শেষ নাগাদ সংশ্লিষ্ট চালানগুলো সম্পন্ন করার পরিকল্পনাও রয়েছে বলে জানানো হয়।

ফলে পাকিস্তানের সর্বশেষ ব্যাখ্যায় আপাতত স্পষ্ট হয়েছে যে, ইসলামাবাদের বক্তব্য অনুযায়ী রূপপুরের জ্বালানি বহনকারী ফ্লাইটের আকাশসীমা ব্যবহারের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্তের কারণে নয়; বরং রুট, অনুমোদন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কারিগরি ও প্রক্রিয়াগত সমন্বয়ের সঙ্গে বিষয়টি জড়িত।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪