| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংগীতশিল্পী জীনাত রেহানা মারা গেছেন

reporter
  • আপডেট টাইম: Jul ০২, ২০২৫ ইং | ১৩:০২:১০:অপরাহ্ন  |  ১৭৬৫০১৭ বার পঠিত
সংগীতশিল্পী জীনাত রেহানা মারা গেছেন
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংগীতজগতের এক উজ্জ্বল নক্ষত্র কণ্ঠশিল্পী জীনাত রেহানা বুধবার (২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০-এর বেশি। তার মৃত্যুতে সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

জীনাত রেহানার মৃত্যু সংবাদটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্যরা। জানা গেছে, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি এবং নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন। আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জীনাত রেহানার স্বামী ছিলেন দেশের খ্যাতিমান টেলিভিশন ব্যক্তিত্ব মোস্তফা কামাল সৈয়দ, যিনি এর আগেই প্রয়াত হয়েছেন।

এদিন বাদ যোহর ঢাকার গুলশানের আজাদ মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বিকেল ৩টায় চ্যানেল আই প্রাঙ্গণে দ্বিতীয় জানাজার পর বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

১৯৬৪ সালে বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত শিল্পী হিসেবে যাত্রা শুরু করেন জীনাত রেহানা। মাত্র চার বছর পর, ১৯৬৮ সালে তার গাওয়া ‘সাগরের তীর থেকে’ গানটি শ্রোতাদের মাঝে দারুণ জনপ্রিয়তা অর্জন করে এবং তাকে এনে দেয় ব্যাপক পরিচিতি।

১৯৬৫ সালেই তিনি টেলিভিশনের শিল্পী হিসেবেও কাজ শুরু করেন। যদিও পরবর্তী সময়ে আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত থাকায় তাকে সংগীতে নিয়মিত পাওয়া যায়নি, তবুও তার গাওয়া গানগুলো আজও সমান জনপ্রিয়।

জীনাত রেহানা আধুনিক গান, আধ্যাত্মিক সংগীত এবং ছোটদের গান—তিন ক্ষেত্রেই রেখেছেন অনন্য অবদান। তার গাওয়া উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে: ‘একটি ফুল আর একটি পাখি বলতো কি নামে তোমায় ডাকি’, ‘আমি কাকন দিয়ে ডেকেছিলেম মুখে লজ্জা ছিল বলে’, ‘কপালে তো টিকলি পরবো না’, ‘আমি যার কথা ভাবছি মনে আনমনে’, ‘আমায় যদি ডাকো কাছে’, ‘কণ্ঠবীণা’, ‘মনে রেখো, স্মৃতি থেকে’ ইত্যাদি।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪