বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি জীবনের এক কঠিন সময় পার করছেন বলে জানিয়েছেন। মাতৃ দিবসে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি দাবি করেন, বর্তমানে তার তিন সন্তানের সঙ্গে তাকে কোনো ধরনের যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না।
তার অভিযোগ অনুযায়ী, স্বামী পিটার হাগ এবং শ্বশুর মিলে সন্তানদের মানসিকভাবে প্রভাবিত করছেন এবং তার বিরুদ্ধে নেতিবাচক ধারণা তৈরি করছেন। এমনকি আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও তাকে সন্তানদের কাছ থেকে দূরে রাখা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
সেলিনা জানান, ২০২৫ সালের নভেম্বর মাসে তিনি স্বামীর বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগে মামলা করেন এবং ৫০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেন। মুম্বাই পুলিশ ইতোমধ্যে ওই মামলায় এফআইআর নথিভুক্ত করেছে।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের পরও তাকে বিচ্ছেদের আইনি নথি দেওয়া হয়েছে। তার ভাষায়, বছরের পর বছর নির্যাতন সহ্য করেও তিনি সন্তানদের জন্য শান্তিপূর্ণ বিচ্ছেদ চেয়েছিলেন।
নিজের পোস্টে তিনি জানান, নির্যাতনের কারণে একসময় তাকে অস্ট্রিয়া ছেড়ে পালিয়ে যেতে হয়। বর্তমানে তিনি সন্তানদের অধিকার ও নিজের ন্যায়ের জন্য আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
মাতৃ দিবসে তিনি লেখেন, “আজ আমি আমার প্রয়াত ছেলের কবরের পাশে বসে কাঁদছি আর শক্তি সঞ্চয় করছি। আমি আমার সন্তানদের জন্য ভারতে ফিরে যাচ্ছি।”
রিপোর্টার্স২৪/ঝুম