নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের ছোটভাই সানজিদ হাসনাতকে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) বিকেল চারটার দিকে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া এলাকার একটি রিসোর্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
তিনি বলেন, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল মোগরাপাড়ার ‘রেইন ফরেস্ট ইকো রিসোর্টে’ অভিযান চালিয়ে সানজিদ হাসনাতকে গ্রেপ্তার করে।
৪৪ বছর বয়সী সানজিদ হাসনাত সোনারগাঁয়ের প্রয়াত আবুল হাসনাতের ছেলে। তিনি সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ কর্মকর্তা তারেক বলেন, সোনারগাঁ থানায় পুলিশের দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে সানজিদ হাসনাতের সম্পৃক্ততা পাওয়া গেছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব