| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দিল্লিতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৭, ২০২৬ ইং | ১৮:৪৯:১৩:অপরাহ্ন  |  ৪৯৭ বার পঠিত
দিল্লিতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির উত্তর-পূর্বাঞ্চলের সীমাপুরী এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে। ধসে পড়া এই ভবনের ধ্বংসাবশেষে অনেকেই আটকা পড়েছেন বলে স্থানীয় এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন। বুধবার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দিল্লির সত্য নিকেতনে এক হোস্টেল দুর্ঘটনায় সাতজনের মৃত্যু ও কয়েকজন আহত হওয়ার ঠিক এক মাসের মাথায় সীমাপুরী এলাকায় ওই পাঁচতলা ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে।

স্থানীয় সময় দুপুর সাড়ে ৩টার দিকে ভবন ধসের খবর পাওয়ার পরপরই দুর্ঘটনাস্থলে অগ্নিনির্বাপণ গাড়ি মোতায়েন করা হয়েছে বলে দিল্লি ফায়ার সার্ভিস (ডিএফএস) জানিয়েছে।

দেশটির সরকারি এক কর্মকর্তা বলেছেন, ভবন ধসের স্থানে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।

দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, ধ্বংসস্তূপের আশপাশে বহু মানুষ দাঁড়িয়ে আছেন এবং পথ পরিষ্কারের চেষ্টায় অনেকে নিজ হাতে পাথরের বড় বড় স্ল্যাব সরানোর চেষ্টা করছেন।

অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী যানবাহনগুলোকে দ্রুত চলাচলের সুযোগ করে দিতে দিল্লি ট্রাফিক পুলিশ জনগণকে ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে দিল্লি ট্রাফিক পুলিশ বলেছে, সীমাপুরীতে বহুতল ভবন ধসে পড়েছে এবং উদ্ধারকারী বিভিন্ন দল দুর্ঘটনাস্থলে কাজ করছে। যে কারণে সীমাপুরী গোল চত্বর, ডিএলএফ ভোপুরা এবং এর আশপাশের বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।

ফাঁকা লেনে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী যানবাহনকে দ্রুত চলাচলের সুযোগ করে দেওয়ার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।

সূত্র: এনডিটিভি


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪