| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শ্বাসরুদ্ধকর ফাইনালে জয় ছিনিয়ে নিলো কালাই উপজেলা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১০, ২০২৬ ইং | ১০:৪৫:৫৩:পূর্বাহ্ন  |  ৮৭৬ বার পঠিত
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শ্বাসরুদ্ধকর ফাইনালে জয় ছিনিয়ে নিলো কালাই উপজেলা

কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে টাইব্রেকারে জয়পুরহাট সদর উপজেলাকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কালাই উপজেলা ফুটবল দল। শ্বাসরুদ্ধকর ফাইনালে জয় নিশ্চিত হওয়ার পর শিরোপা জয়ের আনন্দে মেতে ওঠেন কালাইয়ের খেলোয়াড় ও সমর্থকেরা।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩ টায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে দুই দলের কেউই গোল করতে পারেনি। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানে কালাই উপজেলা দল চারটি গোল করে।

অন্যদিকে, জয়পুরহাট সদর উপজেলা দল তিনটি গোল করতে সক্ষম হয়। এতে ৪-৩ গোলের ব্যবধানে জয় নিয়ে শিরোপা নিজেদের করে নেয় কালাই উপজেলা ফুটবল দল।এ জয়ে কালাইজুড়ে বইছে আনন্দের বন্যা।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ ফাইনাল ম্যাচ ঘিরে স্টেডিয়ামে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। প্রায় ৩০ হাজার দর্শকের উপস্থিতিতে পুরো স্টেডিয়াম হয়ে ওঠে প্রাণবন্ত। প্রিয় দলের জয় দেখতে আসা দর্শকদের উচ্ছ্বাস আর করতালিতে মুখর হয়ে ওঠে মাঠের চারপাশ।

ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন প্রধান অতিথি জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত খেলাধুলার চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা তরুণদের সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করার পাশাপাশি শৃঙ্খলাবোধ ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে সহায়তা করে।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন কালাই উপজেলা ফুটবল দলের হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক আল মামুন মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব গোলজার হোসেন এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪