| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মক্কা-মদিনার নিরাপত্তার বিষয়ে কোনো আপস নেই: হুমায়ুন কবির

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১০, ২০২৬ ইং | ১৩:৫০:১০:অপরাহ্ন  |  ৭৪৩ বার পঠিত
মক্কা-মদিনার নিরাপত্তার বিষয়ে কোনো আপস নেই: হুমায়ুন কবির

রিপোর্টার্স২৪ ডেস্ক: মক্কা-মদিনার নিরাপত্তার বিষয়ে কোনো আপস নেই জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রয়োজন হলে সৌদি আরবকে যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ। একইসঙ্গে সৌদি আরবের সঙ্গে সম্পর্ককে শ্রমিক পাঠানো ও রেমিট্যান্সনির্ভরতা থেকে বের করে বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি ও দক্ষ জনশক্তি সহযোগিতার দিকে নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের হুমায়ুন কবির এসব কথা বলেন। মক্কা প্যাক্টে বাংলাদেশের অবস্থান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা মুসলিম দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 মক্কা-মদিনা যে অঞ্চলে অবস্থিত এবং যেখানে বিপুল সংখ্যক মুসলমানের বসবাস, সেই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা সবার জন্য গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার অভিজ্ঞতা জাতিসংঘসহ বিশ্বব্যাপী কাজে লাগানো সম্ভব।শান্তি ও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিয়ে মক্কা প্যাক্টের উদ্যোগ বা জোটে ইতিবাচকভাবে চিন্তা করতে কোনো সমস্যা নেই।

সৌদি আরবের সঙ্গে সম্পর্কের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আগে দুদেশের সম্পর্ক মূলত শ্রমিক পাঠানো ও রেমিট্যান্সের ওপর নির্ভরশীল ছিল। এখন সেই সম্পর্ককে আরও আধুনিক ও বহুমাত্রিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, শুধু ঐতিহ্যগত শ্রমবাজারকেন্দ্রিক সম্পর্ক নয়, এখন জ্বালানি, প্রযুক্তি, বিনিয়োগসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানো হবে। দক্ষ ও পেশাদার জনশক্তি রপ্তানির ক্ষেত্রেও সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ইতিবাচক আলোচনা চলছে।

সৌদি আরবের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের সফর ও বিনিয়োগ অংশীদারিত্বের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুদেশের সম্পর্ক দ্রুত এগিয়ে যাচ্ছে। সৌদি আরব থেকে মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের সফর এবং বাংলাদেশের পক্ষ থেকেও যোগাযোগ বাড়ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ এখন শুধু সহায়তা নির্ভর সম্পর্কের বাইরে যেতে চায়। এটি কোনো টেকসই নীতি নয়। বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে মর্যাদাপূর্ণ বিনিয়োগ অংশীদারিত্ব গড়ে তুলতে চায়।

প্রধানমন্ত্রীর সৌদি সফরের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী অবশ্যই সৌদি আরব সফর করবেন। তবে সফরের তারিখ এখনো নির্ধারণ হয়নি। চূড়ান্ত হলে গণমাধ্যমকে জানানো হবে।

মক্কা প্যাক্টে যোগদানের বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে কোনো আমন্ত্রণ বা প্রতিক্রিয়া এসেছে কিনা-এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে তিনি আগেই উত্তর দিয়েছেন।

পবিত্র মসজিদ ও স্থানের নিরাপত্তায় সৌদি আরবে বাংলাদেশি সেনা পাঠানোর কোনো পরিকল্পনা আছে কিনা-এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পবিত্র স্থানগুলোর বিষয়ে প্রয়োজনীয় যেকোনো সহায়তা চাইলে বাংলাদেশ তা দিতে প্রস্তুত।

তিনি বলেন, বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ প্রয়োজনীয় সহায়তা দেবে। মক্কা ও মদিনার বিষয়ে বাংলাদেশের কোনো আপস নেই।

জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা গুরুত্ব পাবে

এদিকে প্রধানমন্ত্রীর জাপান সফর প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সফরে বিনিয়োগ অংশীদারিত্ব, বাণিজ্য, জ্বালানি ও বিভিন্ন অর্থনৈতিক খাতে সহযোগিতা গুরুত্ব পাবে।

তিনি আরও বলেন, জাপান বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার। জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার মাধ্যমে বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও জাপানের কূটনৈতিক সম্পর্ক যেমন শক্তিশালী, তেমনি বিনিয়োগ সম্পর্কও শক্তিশালী। সফরে নতুন অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র উন্মোচনের সুযোগ তৈরি হবে।

তিনি আরও বলেন, সফরে দুদেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে। এর পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও অন্যান্য খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। জ্বালানি সংকটের সময় জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জ্বালানি সম্মেলনে ভার্চ্যুয়ালি অংশ নিয়েছিলেন। ভবিষ্যতেও দুদেশ বিভিন্ন খাতে একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি করবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪