ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় আগাছানাশক পান করার পর শফিকুল ইসলাম (৬১) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহের কথা জানানো হয়নি।
পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, শফিকুল ইসলামের বাড়ি সদর উপজেলার ১৩ নম্বর গড়েয়া ইউনিয়নের কিসমত তেওয়ারীগাঁও গ্রামে। তিনি কৃষিকাজ করতেন। তাঁর মানসিক ও স্নায়বিক সমস্যা ছিল বলে পরিবারের দাবি। এর আগে তিনি একাধিকবার বিষপানের চেষ্টা করেছিলেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
নিহতের বড় ছেলে মোখলেছুর রহমান বলেন, গতকাল শনিবার দুপুরে ধানখেতে আগাছানাশক ছিটিয়ে বাড়িতে ফেরেন বাবা। পরে দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে বসতবাড়ির একটি ঘরে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখি। এরপর আমরা তাঁকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করি।
সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বাবার মৃত্যু হয়। বর্তমানে তাঁর মরদেহ ওই হাসপাতালের মর্গে রয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি শাহজাহান আলী বলেন, শফিকুলের মৃত্যু নিয়ে পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের কোনো অভিযোগ বা সন্দেহ নেই।
রিপোর্টার্স২৪/ধ্রুব