ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ১৭ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের অভিযোগে করা মামলায় মো. শাহাজামাল (২৩) নামের এক যুবককে কুড়িগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাত দেড়টার দিকে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে পাঠায় পুলিশ।
পুলিশের আদালতে দাখিল করা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২২ সেপ্টেম্বর দুপুরে ঠাকুরগাঁও শহরের শাহপাড়া জামে মসজিদের সামনে পাকা রাস্তা থেকে ওই মাদ্রাসাছাত্রীকে অপহরণের অভিযোগ ওঠে শাহাজামালের বিরুদ্ধে। ওই ছাত্রী শাহপাড়ার সুমাইয়া মহিলা মাদ্রাসায় পড়াশোনা করতেন।
প্রতিবেদনে বলা হয়, মাদ্রাসার ক্লাস শেষে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীর সঙ্গে শাহাজামালের দেখা হয়। এ সময় তাঁকে ফুসলিয়ে একটি মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
মেয়েটি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা মাদ্রাসায় খোঁজ নেন। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে ২৪ সেপ্টেম্বর ঠাকুরগাঁও সদর থানায় সাধারণ ডায়েরি করেন তাঁর পরিবারের সদস্যরা। পরে অপহরণের অভিযোগে থানায় মামলা করা হয়।
পুলিশের প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রাথমিক তদন্তে শাহাজামালের সম্পৃক্ততার বিষয়ে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। তবে জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার বিষয়টি এড়িয়ে যান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মামলাটির তদন্ত চলছে।
ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাজহারুল আলম আদালতে দাখিল করা প্রতিবেদনে আসামির জামিনের বিরোধিতা করেন। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখার আবেদনও জানান তিনি।
মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭ ও ৩০ ধারায় করা হয়েছে বলে আদালতে দাখিল করা নথিতে উল্লেখ রয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব