ঝিনাইদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে ৪টি স্বর্ণের বারসহ মো. সেলিম হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। উদ্ধার করা স্বর্ণের ওজন ৫৭৪ দশমিক ৫১ গ্রাম, যার সিজার মূল্য ১ কোটি ১ লাখ ৪৬ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়,রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে গয়েশপুর বিওপির সদস্যরা সীমান্ত পিলার ৬৭-এমপি থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ৪ নম্বর সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের যাত্রীছাউনির সামনে অভিযান চালান। এ সময় ব্যাটারিচালিত ভ্যানসহ সেলিম হোসেনকে আটক করা হয়।
পরে তাঁর ভ্যানের সামনে লাগানো সাদা রঙের ছোট মাইকের ব্যাটারি রাখার স্থান থেকে চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক সেলিম হোসেন জীবননগর উপজেলার সদরপাড়া গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, উদ্ধার করা স্বর্ণ, ব্যাটারিচালিত ভ্যান ও ছোট মাইকসহ জব্দ করা মালামালের মোট সিজার মূল্য ১ কোটি ১ লাখ ৯৭ হাজার টাকা।
আটক ব্যক্তিকে ভ্যান ও মাইকসহ জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণ চুয়াডাঙ্গা জেলা সরকারি কোষাগারে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
রিপোর্টার্স২৪/ঝুম