| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুরে দাবিকৃত চাঁদার টাকা না দিলে আগুন দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৩, ২০২৬ ইং | ২২:১৯:০৯:অপরাহ্ন  |  ১০৪৩ বার পঠিত
গাজীপুরে দাবিকৃত চাঁদার টাকা না দিলে আগুন দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের চান্দনা চৌরাস্তার হাজী আব্দুর রহিম পাইকারি মার্কেটে চাঁদা দাবি ও জাদা না দিলে আগুন দেওয়ার হুমকি দিয়ে এক লাখ টাকা দাবির অভিযোগে মো. জুয়েল আহমেদ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

পিবিআই জানায়, জুয়া খেলায় আসক্ত হয়ে ঋণগ্রস্ত ওই যুবক মার্কেটের সাইনবোর্ড থেকে ফোন নম্বর সংগ্রহ করে চাঁদা দাবি করেন। গ্রেপ্তারের পর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ওই যুবক। মঙ্গলবার (১৩ অক্টোবর) পিবিআই গাজীপুর জেলার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

এর আগে সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে গাজীপুর মহানগরের বাসন থানাধীন দিঘীরচালা এলাকা থেকে জুয়েলকে গ্রেপ্তার করা হয়।

পিবিআইয়ের প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানায়, গত ৬ অক্টোবর বিকেল ৫টা ১৯ মিনিটে মার্কেট পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মিলটন হোসেনকে ফোন করে অজ্ঞাতনামা এক ব্যক্তি এক লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ও তার পক্ষের লোকজনকে হত্যার হুমকি দেওয়া হয়। একই সঙ্গে হাজী আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেটে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার হুমকিও দেওয়া হয়। 

এ ঘটনায় মিলটন হোসেন বাদী হয়ে বাসন থানায় একটি মামলা করেন। ঘটনাটিকে গুরুত্ব দিয়ে পিবিআই গাজীপুর জেলা ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়েল আহমেদকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানিয়েছে পিবিআই।

পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার মো. রকিবুল আক্তার ( পিপিএম-সেবা) বলেন, জুয়েল আহমেদ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কাঠারবিল এলাকার বাসিন্দা। তিনি প্রায় সাড়ে পাঁচ বছর গার্মেন্টস কারখানায় চাকরি করেছেন। এ সময় অনলাইন ক্যাসিনো ও জুয়া খেলায় আসক্ত হয়ে গার্মেন্টসকর্মী এবং এলাকার বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় তিন লাখ টাকা ঋণ করেন ঋণের টাকা পরিশোধের জন্য তিনি মার্কেটের সামনের সাইনবোর্ড থেকে ফোন নম্বর সংগ্রহ করে চাঁদা দাবি করেন। ভয় দেখানোর পর বাদীপক্ষ বিকাশের মাধ্যমে প্রথমে তিন হাজার টাকা এবং পরে আরও দুই হাজার টাকা দেয়। এরপর সোমবার ৫০ হাজার টাকা দেওয়ার কথা ছিল বলে তদন্তে জানা গেছে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৫ ডিসেম্বর একই মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ওই আগুনে মার্কেটের বড় অংশ পুড়ে যায় এবং বিপুল পরিমাণ মালামাল, নগদ টাকা ও আসবাবপত্রের ক্ষতি হয়। আগের অগ্নিকাণ্ডের কথা স্মরণ করিয়েই এবার মার্কেটে আগুন দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল বলে পিবিআইয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।মামলাটি তদন্ত করছেন পিবিআই গাজীপুর জেলার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪