| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাগনভূঞায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষক, ফলনের আশায় চাষিরা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৮, ২০২৬ ইং | ২৩:০৮:০৫:অপরাহ্ন  |  ৪১৬৯ বার পঠিত
দাগনভূঞায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষক, ফলনের আশায় চাষিরা

আবদুল্লাহ আল মামুন, দাগনভূঞা : ফেনীর দাগনভূঞা উপজেলায় শীতকালীন আগাম সবজি চাষ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে শাকসবজির পরিচর্যা, আগাছা পরিষ্কার ও গাছের যত্ন নিতে ব্যস্ত সময় কাটছে কৃষক-কৃষাণীদের। কয়েক দিনের মধ্যেই ক্ষেত থেকে টাটকা সবজি তোলার আশা করছেন তারা।

উপজেলার বিভিন্ন এলাকায় ফুলকপি, বাঁধাকপি, মুলা, পালংশাক, লালশাক, পুঁইশাক, বেগুন, শিম, বরবটি, লাউ, কুমড়া, কাঁচামরিচ, ধনেপাতা ও টমেটোসহ নানা ধরনের শীতকালীন সবজির আবাদ করা হয়েছে।

সরেজমিনে উপজেলার রামনগর ইউনিয়নের রামনগর এলাকায় গিয়ে দেখা যায়, সবজির খেতে পরিচর্যায় ব্যস্ত কৃষক মো. মজিদ ও আবু নাছের। তারা জমিতে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করেছেন। কেউ সবজি গাছের গোড়া ঠিক করছেন, কেউ মাটি আলগা করে দিচ্ছেন। আবার কেউ হেলে পড়া গাছ সোজা করে পরিচর্যা করছেন।

স্থানীয় কয়েকজন জানান, এলাকার কৃষকরা ভোর থেকেই কোদাল, নিড়ানি, বালতি ও স্প্রে মেশিনসহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে সবজির খেতে চলে যান। ফসলের সঠিক বৃদ্ধি ও ভালো ফলন নিশ্চিত করতে দিনের বেশির ভাগ সময় তারা জমিতে কাজ করেন।

কৃষক মো. মজিদ বলেন, ‘আর কিছুদিন পর জমি থেকে টাটকা সবজি তোলা যাবে। শীতকালীন সবজি চাষে উপজেলা কৃষি বিভাগ সহযোগিতা করছে। পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শও দিচ্ছে।’

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, শীতকালীন সবজির রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ প্রতিরোধে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. কামরুজ্জামান বলেন, কৃষকদের প্রণোদনা প্রদান, চাষাবাদবিষয়ক পরামর্শসহ বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে কৃষি বিভাগ। এতে কৃষকরা উপকৃত হচ্ছেন। তারা নিজেদের পরিবারের সবজির চাহিদা মেটানোর পাশাপাশি উৎপাদিত সবজি বাজারে বিক্রি করেও আয় করছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪