এন্টারটেইনমেন্ট ডেস্ক: আসন্ন ছবি উড়তা তীর-এর প্রচারে ব্যস্ত সারা আলি খান। ছবিতে আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। সম্প্রতি অনিল কপূরের সঞ্চালনায় ইন্ডিয়া কে টপ ১% শোয়ে হাজির হয়েছিলেন সারা ও আয়ুষ্মান। সেখানেই নিজের জীবনের গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্তের কথা ভাগ করে নেন সারা। অভিনেত্রী হওয়ার কথা যখন ভেবেছিলেন, তখন তাঁর ওজন ছিল প্রায় ১০০ কেজি। সেই সময় তিনি পড়াশোনা করছিলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে।
অনুষ্ঠানে অনিল কপূর সারার কাছে জানতে চান, ঠিক কখন অভিনয়কে পেশা হিসাবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। উত্তরে সারা জানান, ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন। তবে পড়াশোনার প্রতিও তাঁর ছিল সমান আগ্রহ। তাই প্রথম দিকে ভবিষ্যৎ নিয়ে তাঁর পরিকল্পনা ছিল অন্য রকম।
সংবাদ সংস্থা আইএএনএসের প্রতিবেদন অনুযায়ী, সারা বলেন, “ছোটবেলা থেকেই অভিনেত্রী হতে চেয়েছিলাম। কিন্তু পড়াশোনাও খুব উপভোগ করতাম। আমি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে পড়াশোনা করছিলাম। ভেবেছিলাম, সেখানেই আইন নিয়ে পড়ব।”
তবে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই অভিনয়ের প্রতি পুরনো টান নতুন করে অনুভব করেন সারা। সেখানে একটি থিয়েটার কোর্সে ভর্তি হয়েছিলেন তিনি। মঞ্চে অভিনয় করতে গিয়ে বুঝতে পারেন, যে স্বপ্নকে এত দিন মনের এক কোণে সরিয়ে রেখেছিলেন, তা আবারও জোরালো হয়ে উঠেছে।
সারার কথায়, “যখন মঞ্চে উঠে অভিনয় করলাম, তখন ছোটবেলার সেই ইচ্ছেটা আবার জেগে উঠল, যেটাকে এত দিন মনের বাইরে সরিয়ে রেখেছিলাম। তখনই ভাবলাম, আমাকে এটা করতেই হবে। অন্তত চেষ্টা তো করতেই হবে। এ ভাবেই সবটা শুরু। আর তখন আমার ওজন ছিল প্রায় ১০০ কেজি।”
রিপোর্টার্স২৪/ধ্রুব