স্টাফ রিপোর্টার: রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক সড়কে টানা নয় দিন ধরে চলা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ১২ ঘণ্টার জন্য শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় আন্দোলনকারী সংগঠনগুলো।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের পক্ষে বাবুধন চাকমা এবং নতুন জয় চাকমার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এলাকার সাধারণ জনগণের জরুরি ও মৌলিক চাহিদার বিষয়টি বিবেচনা করে আগামী ১ নভেম্বর (রোববার) ১২ ঘণ্টার জন্য সড়ক অবরোধ শিথিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, ওই এলাকায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘কঠিন চীবর দান’ যেন নির্বিঘ্নে ও সুন্দরভাবে উদ্যাপিত হতে পারে, সে জন্য আলোচনা সাপেক্ষে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে সংবাদ বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়, ১ নভেম্বর (রোববার) নির্ধারিত সময় শেষ হওয়ার পর থেকে আগের মতো অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি যথারীতি অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/রাফিদ