| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদে ‘যাযাবর’ নিয়ে আসছেন তানবীর

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩১, ২০২৬ ইং | ২৩:৫১:৫৭:অপরাহ্ন  |  ১০০৫ বার পঠিত
ঈদে ‘যাযাবর’ নিয়ে আসছেন তানবীর

স্টাফ রিপোর্টার: চলচ্চিত্র নির্মাণ শুধু পেশা নয়, এটি একধরনের নেশা, একধরনের ঘোর। এই ঘোরের টানে নিজের সর্বস্ব বাজি রাখতেও পিছপা হন না নির্মাতারা। এরই এক উদাহরণ তরুণ চলচ্চিত্র নির্মাতা তানবীর হাসান। ২০২৫ সালের ৩ জানুয়ারি মুক্তি পাওয়া ‘মধ্যবিত্ত’ চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই সিনেমায় পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। প্রথম সিনেমা নির্মাণে নানা আর্থিক সংকটের মুখোমুখি হলেও নিজের স্বপ্ন থেকে সরে আসেননি। এবার নতুন সিনেমা ‘যাযাবর’ নিয়ে বড় পর্দায় হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই নির্মাতা।

‘মধ্যবিত্ত’ নির্মাণের পেছনে তানবীর হাসানের গল্পটিও ছিল সংগ্রামমুখর। মধ্যবিত্ত মানুষের জীবনসংগ্রাম পর্দায় তুলে ধরতে গিয়ে নিজেকেও লড়াই করতে হয়েছে তাঁকে। মানসম্মত একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য আর্থিক সংকটে পড়ে শেষ পর্যন্ত নিজের জমি ও স্ত্রীর স্বর্ণালংকার বিক্রি করতে হয়েছিল তাঁকে। তবে প্রথম সিনেমার মানের সঙ্গে আপস করতে রাজি ছিলেন না এই নির্মাতা।

পরিচালনার পাশাপাশি ‘মধ্যবিত্ত’ সিনেমার গল্প, সংলাপ ও চিত্রনাট্যও লিখেছেন তানবীর হাসান। এমনকি সিনেমাটির একটি গানের সুরকার ও গীতিকার হিসেবেও কাজ করেছেন তিনি। সেন্সর বোর্ডের বিভিন্ন জটিলতা ও সংশোধনীর নির্দেশনা পেরিয়ে ২০২৫ সালের ৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। ওই বছরের প্রথম মুক্তিপ্রাপ্ত ঢালিউড সিনেমা হিসেবে এটি দর্শকমহলে প্রশংসা কুড়ায়। প্রয়াত অভিনেতা মাসুম আজিজের অভিনয়ও সিনেমাটিকে বিশেষ মাত্রা দেয়।

প্রথম সিনেমার অভিজ্ঞতা পেরিয়ে এবার নতুন চলচ্চিত্র ‘যাযাবর’ নির্মাণে ব্যস্ত তানবীর হাসান। সিনে মিডিয়ার ব্যানারে নির্মিতব্য সিনেমাটি ঘিরে ইতিমধ্যে চলচ্চিত্রাঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে। দুর্গম গহিন জঙ্গলে সিনেমাটির প্রথম ধাপের শুটিং সম্পন্ন হয়েছে।

‘যাযাবর’ সিনেমায় অভিনয় করছেন সজল নূর, ভাবনা, ইভান সাইর, ক্যামেলিয়া রাঙা, সাদমান সামীর, শেখ চাঁদনী, সৌরভ ফারসি, পাপ্পু, রানা, ওমর মালিক, শহিদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ওমর সানী, শিবা শানু, কমল ও শরীফ চৌধুরীসহ আরও অনেকে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিনেমাটির প্রায় ৭০ শতাংশ শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। অ্যাকশনধর্মী বেশ কয়েকটি দৃশ্যের পাশাপাশি গানের দৃশ্যও ধারণ করা হয়েছে। বাকি ৩০ শতাংশ শুটিং ঢাকা শহর ও আশপাশের বিভিন্ন লোকেশনে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। পরিচালক তানবীর হাসান জানিয়েছেন, শিগগিরই বাকি কাজ শেষ করার লক্ষ্য রয়েছে তাঁর। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে।

এর আগে রাজ রিপা ও শিশির সরদারকে প্রধান চরিত্রে রেখে ‘মৃত্যু ১৯’ নামে আরেকটি সিনেমার ঘোষণা দিয়েছিলেন তানবীর হাসান। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) জাঁকজমকপূর্ণ মহরতের আয়োজন করে আলোচনায় এসেছিলেন তিনি। তবে নানা সংকটের কারণে শেষ পর্যন্ত সিনেমাটির নির্মাণকাজ আর এগোয়নি।

‘মৃত্যু ১৯’ নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত না হলেও ‘মধ্যবিত্ত’ দিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তানবীর হাসান। এবার ‘যাযাবর’ নিয়ে নতুন করে প্রত্যাশা তৈরি করেছেন তিনি। গল্পনির্ভর চলচ্চিত্র নির্মাণের এই প্রচেষ্টা কতটা সফল হয়, তা দেখতে অপেক্ষায় রয়েছেন দর্শকেরা। ঢালিউডের বর্তমান সময়ে তাঁর মতো তরুণ নির্মাতাদের নতুন উদ্যোগ বাংলা চলচ্চিত্রে সম্ভাবনার নতুন দুয়ার খুলবে—এমন প্রত্যাশা চলচ্চিত্রসংশ্লিষ্টদের।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪