| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০২, ২০২৬ ইং | ১৪:৩০:১৩:অপরাহ্ন  |  ১৭২ বার পঠিত
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রিপোর্টার্স২৪ ডেস্ক: ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থাকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে রাজধানী ঢাকাসহ দেশের ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোতে ঝুঁকিপূর্ণ ও পুরোনো ভবন চিহ্নিত করা, উদ্ধার কার্যক্রমের সক্ষমতা বাড়ানো এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি ও করণীয় বিষয়ে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন।

সভা শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।

তিনি বলেন, সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন ভূমিকম্পপ্রবণ এলাকায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। ভূমিকম্পের মতো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের আগে থেকেই প্রস্তুতি রাখা এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রী ঝুঁকিপূর্ণ ও পুরোনো ভবনগুলো দ্রুত শনাক্ত করার পাশাপাশি ভবন নির্মাণের ক্ষেত্রে জাতীয় বিল্ডিং কোড যথাযথভাবে অনুসরণের নির্দেশনা দেন। একই সঙ্গে ভূমিকম্পের পর ধসে পড়া ভবনে আটকে পড়া মানুষকে দ্রুত উদ্ধার এবং জরুরি পরিস্থিতিতে উদ্ধার তৎপরতা পরিচালনার সক্ষমতা বাড়ানোর কথাও বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ফায়ার সার্ভিস এবং অন্যান্য জরুরি সেবাদানকারী সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত জরুরি। কোনো ধরনের সমন্বয়হীনতা যেন উদ্ধার ও জরুরি সেবা কার্যক্রমে বাধা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।

সভায় হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি জরুরি উদ্ধারকাজ পরিচালনার জন্য পর্যাপ্ত সরঞ্জাম ও আধুনিক প্রযুক্তির ব্যবস্থা, উদ্ধারকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট বাহিনীর প্রস্তুতি বাড়ানোর ওপর জোর দেন তিনি।

শুধু সরকারি সংস্থার প্রস্তুতিই নয়, সাধারণ মানুষের মধ্যেও ভূমিকম্প সম্পর্কে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। ভূমিকম্পের সময় কী করণীয়, কীভাবে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে এবং দুর্যোগ-পরবর্তী সময়ে কীভাবে সতর্ক থাকতে হবে, সে বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের নির্দেশনাও দেন তিনি।

সংশ্লিষ্টরা মনে করছেন, ভূমিকম্পের মতো বড় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, ঝুঁকিপূর্ণ অবকাঠামো চিহ্নিতকরণ এবং উদ্ধারকারী সংস্থাগুলোর সক্ষমতা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর এসব বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম আরও জোরদার হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজুসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪