বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের খুলনা-মোংলা ও বাগেরহাট-খুলনা মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, দোকানপাট এবং সড়কের পাশে রাখা বিভিন্ন মালামাল উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে খুলনা-মোংলা মহাসড়কের বিভিন্ন বাজার, মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান শুরু হয়। সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, গত ১ ও ২ নভেম্বর মাইকিংয়ের মাধ্যমে মহাসড়কের দুই পাশে সড়ক বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা ও মালামাল সরিয়ে না নেওয়ায় মঙ্গলবার সকাল থেকে বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান চালানো হয়।
অভিযানের আওতায় কুঁদির গাছতলা থেকে মোংলার দিগরাজ বাজার পর্যন্ত মহাসড়কের দুই পাশে থাকা অবৈধ স্থাপনা, অস্থায়ী ঘর, দোকানপাট এবং রাস্তার পাশে রাখা কাঠ, ইট, বালুসহ বিভিন্ন নির্মাণসামগ্রী সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে মহাসড়কের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ ও মালামাল না রাখার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী গোলচত্বর, লখপুর, নোয়াপাড়া মোড়, শ্যামবাগাত, শুকদাড়া, চুলকাটি বাজার, ভট্ট মোড়, সোনাতুনিয়া, মাদ্রাসা স্ট্যান্ড, ভরসাপুর বাজার, ফয়লা বাজার, রনসেন মোড়, ভাগা বাজার, চেয়ারম্যানের মোড়, বাবুর বাড়ি বাজার, গুনাই ব্রিজ বাজার ও দিগরাজ বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান পরিচালিত হয়। এদিকে বাগেরহাট-খুলনা মহাসড়কেও একই ধরনের অভিযান চলছে।
পাশাপাশি দিগরাজ থেকে মোংলা ফেরিঘাট বাসস্ট্যান্ড পর্যন্ত উচ্ছেদ অভিযান চালাচ্ছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্টরা জানান, মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা ও মালামাল রাখার কারণে যান চলাচল ব্যাহত হয়। এতে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রাং বলেন, রুটিন ওয়ার্কের অংশ হিসেবে এ কাজ করা হচ্ছে। মহাসড়কের জায়গা দখল করে কোনো ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ কিংবা সড়কের পাশে ইট, বালু, কাঠসহ বিভিন্ন মালামাল রাখা যাবে না। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল, যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা কমাতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। উচ্ছেদের পর যাতে কেউ আবার অবৈধভাবে স্থাপনা নির্মাণ বা মালামাল রেখে সড়কের জায়গা দখল করতে না পারে, সে বিষয়েও নজরদারি রাখা হবে।
রিপোর্টার্স২৪/ঝুম