| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২০ লাখ টাকার ইটের সড়ক তুলে আরসিসি নির্মাণ, প্রশ্নে পৌরসভার প্রকল্প

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৫, ২০২৬ ইং | ১৬:১২:০২:অপরাহ্ন  |  ৫০০ বার পঠিত
২০ লাখ টাকার ইটের সড়ক তুলে আরসিসি নির্মাণ, প্রশ্নে পৌরসভার প্রকল্প

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে ইট বিছিয়ে সংস্কার করা সড়ক কয়েক মাসের ব্যবধানে তুলে ফেলে সেখানে আরসিসি ঢালাইয়ের কাজ শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। একই সড়কে দুই দপ্তরের পৃথক প্রকল্প বাস্তবায়ন নিয়ে সরকারি অর্থের ব্যয় ও প্রকল্পের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী প্রণব চন্দ্র দে বলেন, তৎকালীন জেলা প্রশাসক সাবেত আলীর নির্দেশনায় যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে সড়কে ইট বিছানো হয়েছিল। তখন এলজিইডির প্রকল্পের বিষয়ে তাঁদের জানা ছিল না। বর্তমানে ইটগুলো তুলে ‘সেলভেজ’ বা উদ্ধারযোগ্য মালামাল হিসেবে দেখানো হচ্ছে। এ বিষয়ে পৌরসভা থেকে এলজিইডিকে অনাপত্তি দেওয়া হয়েছে।

পৌরসভার প্রশাসক সীমা শারমিন বলেন, স্থানীয় বাসিন্দাদের চাহিদায় বর্ষাকালে চলাচলের সুবিধার্থে ইট বিছানোর কাজ করা হয়েছিল। তখন এলজিইডির প্রকল্প অনুমোদিত ছিল না। পৌরসভার কাজ শেষ হওয়ার পর এলজিইডির প্রকল্প অনুমোদন হয়।

এদিকে এলজিইডি সূত্রে জানা গেছে, চৌরঙ্গী মোড় থেকে বানিয়াপট্টি কালভার্ট পর্যন্ত প্রায় ৪২০ মিটার সড়ক ১০ ইঞ্চি উচ্চতার আরসিসি ঢালাই করা হচ্ছে। এতে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ২৫ লাখ ৮ হাজার ২৮৫ টাকা। এমএস তানিয়া কনস্ট্রাকশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করছে।

এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মনোজ কুমার আচার্য বলেন, পৌরসভার সঙ্গে আলোচনা করেই ইটগুলো সেলভেজ হিসেবে দেখানো হয়েছে। এ বিষয়ে তাদের অনাপত্তি রয়েছে। দুই কোটি টাকার বেশি ব্যয়ে সড়কটি আরসিসি করা হলে যানবাহন ও পথচারীদের চলাচলে সুবিধা হবে।

তবে কয়েক মাসের ব্যবধানে একই সড়কে দুই দপ্তরের পৃথক উন্নয়নকাজের উদ্যোগে প্রশ্ন উঠেছে, পৌরসভার ২০ লাখ টাকা ব্যয়ে ইট বিছানোর কাজ কতটা যৌক্তিক ছিল? অন্য দপ্তরের সড়কে কাজ করতে প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছিল কি না এবং তুলে নেওয়া ইটের প্রকৃত মূল্য কত, তাও খতিয়ে দেখার দাবি উঠেছে।

সচেতন মহলের দাবি, প্রকল্পের অনুমোদন, ব্যয়ের হিসাব, কাজের মান ও ইট হস্তান্তরের প্রক্রিয়া নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। সরকারি অর্থের অপচয় বা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪