ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানো ‘অনিবার্য’ বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির কয়েকজন শীর্ষ মন্ত্রী ও নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে সাম্প্রতিক এক বৈঠকে তিনি এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল-১৩। একই সঙ্গে ইরানে কয়েক দিনের সামরিক অভিযান চালানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু।
চ্যানেল-১৩-এর এক প্রতিবেদনে ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ইসরাইলের সামরিক বাহিনী ও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) যৌথভাবে ইরানে হামলার পরিকল্পনা তৈরি করেছে। পরিকল্পনাটি অনুমোদনও পেয়েছে বলে দাবি করা হয়েছে। এখন কেবল অভিযান শুরুর সময় নির্ধারণের বিষয়টি বাকি রয়েছে।
ওই সামরিক কর্মকর্তা জানিয়েছেন, সম্ভাব্য হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইল এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। ট্রাম্পের সম্মতি পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।
তবে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক সংঘাত শুরু করার বিষয়ে নেতানিয়াহুর তৎপরতা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসনের ভেতরেই সংশয় তৈরি হয়েছে। ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল-১২-এর বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, নেতানিয়াহুর এই উদ্যোগের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলছেন যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা।
ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা মনে করছেন, ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর জন্য নেতানিয়াহুর আগ্রহের পেছনে অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাব-নিকাশ থাকতে পারে।
ওই মার্কিন কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, গত ২৭ অক্টোবরের নির্বাচনে ইসরাইলের পার্লামেন্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন নেতানিয়াহু। এমন পরিস্থিতিতে ক্ষমতা ধরে রাখার রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে তিনি নতুন করে যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে চাইছেন কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ওই কর্মকর্তা।
এদিকে ইরানে সম্ভাব্য সামরিক হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রও বিভিন্ন ধরনের প্রস্তুতি ও পরিস্থিতি মূল্যায়ন করছে। বৃহস্পতিবার প্রকাশিত মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে সম্ভাব্য হামলার বিভিন্ন দিক খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ও গোয়েন্দা সংস্থাগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের তৈরি করা সামরিক হামলার বিভিন্ন পরিকল্পনার পরিপ্রেক্ষিতে ইরান কী ধরনের পাল্টা পদক্ষেপ নিতে পারে, তা বিশ্লেষণ করছে মার্কিন প্রশাসন। সম্ভাব্য সামরিক অভিযানের পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি কোন দিকে মোড় নিতে পারে, সেটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
বিশেষ করে ইরানের পাল্টা হামলায় উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা এড়ানো সম্ভব কি না, তা জানতে চেয়েছে হোয়াইট হাউস। এমন কোনো সামরিক অভিযান পরিচালনা করা যায় কি না, যাতে ইরানের বড় ধরনের পাল্টা হামলার ঝুঁকি তুলনামূলকভাবে কম থাকে, সে বিষয়েও মূল্যায়ন চলছে।
সব মিলিয়ে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। একদিকে নেতানিয়াহু সামরিক অভিযানের পক্ষে অবস্থান নিচ্ছেন, অন্যদিকে সম্ভাব্য হামলার পরিণতি ও আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকি বিবেচনা করছে ওয়াশিংটন। তবে ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কি না, তা স্পষ্ট নয়।
রিপোর্টার্স২৪/ঝুম