| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য বিরোধের পর ঘোষণা

ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’

reporter
  • আপডেট টাইম: Jul ০৬, ২০২৫ ইং | ০৪:৫৬:৪৫:পূর্বাহ্ন  |  ১৬৬৭৮৩০ বার পঠিত
ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’
ছবির ক্যাপশন: ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’; ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য বিরোধের পর ঘোষণা

রিপোর্টার্স২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক :

বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের ইলন মাস্ক যুক্তরাষ্ট্রে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। ‘আমেরিকা পার্টি’ নামে নতুন এই দলটি দেশটির প্রচলিত দুই প্রধান দল—রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের বিকল্প হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (৫ জুলাই) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মাস্ক লিখেছেন, “আজ ‘আমেরিকা পার্টি’ গঠিত হলো, আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে।” তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখন একদলীয় শাসনে চলছে যেখানে অপচয় ও দুর্নীতির মাধ্যমে দেশকে দেউলিয়া করে ফেলা হচ্ছে।

মাস্কের এই ঘোষণাটি এসেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য বিরোধে জড়িয়ে পড়ার কয়েক সপ্তাহ পর। বিবিসি জানিয়েছে, ট্রাম্প প্রশাসন থেকে বেরিয়ে আসার পর বাজেট পরিকল্পনা নিয়ে তীব্র সমালোচনা করেন মাস্ক। তখন থেকেই তিনি নতুন দল গঠনের ইঙ্গিত দিতে থাকেন।

এ নিয়ে তিনি এক জনমত জরিপও পরিচালনা করেন এক্স-এ, যেখানে অধিকাংশ উত্তরদাতা একটি নতুন রাজনৈতিক দলের পক্ষে মত দেন। সেই জরিপের ফল উল্লেখ করে মাস্ক বলেন, “২:১ ব্যবধানে মানুষ একটি নতুন রাজনৈতিক দল চায়। এবং তারা সেটা পেতে যাচ্ছে।”

তবে ‘আমেরিকা পার্টি’ যুক্তরাষ্ট্রের নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। দলের নেতৃত্ব বা কাঠামো নিয়েও মাস্ক বিস্তারিত কিছু জানাননি।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে সমর্থন জানিয়ে মাস্ক প্রায় ২৫০ মিলিয়ন ডলার ব্যয় করেছিলেন। নির্বাচনের পর তাকে “ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি” বা ডিওজিই নামের নতুন একটি সরকারি সংস্থার দায়িত্ব দেওয়া হয়, যার মূল কাজ ছিল বাজেটে অপচয় কমানো।

কিন্তু চলতি বছরের মে মাসে মাস্ক প্রশাসন ছেড়ে দেন এবং ট্রাম্পের নতুন বাজেট পরিকল্পনার সমালোচনা শুরু করেন। এই পরিকল্পনায় বিপুল ট্যাক্স ছাড় ও ব্যয় বরাদ্দ রয়েছে, যা আগামী এক দশকে যুক্তরাষ্ট্রের ঘাটতি প্রায় ৩ ট্রিলিয়ন ডলার বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইলন মাস্কের এই নতুন রাজনৈতিক উদ্যোগ যুক্তরাষ্ট্রের রাজনীতিতে কী প্রভাব ফেলবে, তা এখন সময়ই বলে দেবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪