মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে চলন্ত ভ্যানে প্রথমে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কা এবং পরে পেছন থেকে আসা ট্রাকের ধাক্কায় ফিরোজা খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালক ইনসান আলী আহত হয়েছেন।
রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার চোখতোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজা খাতুন গাংনী পৌরসভার চৌগাছা গ্রামের আলফাজ উদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়ের বাড়ি থেকে ভ্যানযোগে নিজ বাড়িতে ফিরছিলেন ফিরোজা খাতুন। পথে চোখতোলা এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ইনসান আলী সড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক সড়কে পড়ে থাকা ভ্যানচালককে বাঁচাতে গিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন ফিরোজা খাতুন।
পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহবুবুর রহমান নয়ন ফিরোজা খাতুনকে মৃত ঘোষণা করেন। আহত ভ্যানচালক ইনসান আলীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (তদন্ত) দায়িত্বে থাকা শিমুল কুমার দাস জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। প্রাথমিক তদন্ত শেষে এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/রাফিদ