| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাশিয়ার তেল কেনা বন্ধ না করলে ভারত, চীনের অর্থনীতি গুঁড়িয়ে দেওয়ার হুমকি মার্কিন সেনেটরের

reporter
  • আপডেট টাইম: Jul ২২, ২০২৫ ইং | ১২:৫৮:৫৯:অপরাহ্ন  |  ১৭১৫৯০২ বার পঠিত
রাশিয়ার তেল কেনা বন্ধ না করলে ভারত, চীনের অর্থনীতি গুঁড়িয়ে দেওয়ার হুমকি মার্কিন সেনেটরের
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

আশিস গুপ্ত, নতুন দিল্লি : মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম সতর্ক করে বলেছেন যে, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের মধ্যে যদি মস্কোর বাণিজ্য অংশীদাররা – যার মধ্যে ভারত ও চীনও রয়েছে – রাশিয়ান তেল কেনা বন্ধ না করে, তবে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের উপর উচ্চ শুল্ক আরোপ করবেন।

রিপাবলিকান এই আইনপ্রণেতা জানান যে, যারা  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কিয়েভের বিরুদ্ধে অভিযানকে আরও ইন্ধন যোগাচ্ছে, সেই সব দেশের ক্ষেত্রে  ট্রাম্প প্রশাসন তেল-সম্পর্কিত আমদানির উপর ১০০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা করছে ।

এর আগে গ্র্যাহাম একটি বিল প্রস্তাব করেছিলেন, যেখানে ভারত ও চীন সহ রাশিয়ার সাথে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলির পণ্যের উপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের আহ্বান জানানো হয়েছিল।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্র্যাহাম বলেন, "ট্রাম্প রাশিয়ান তেল কেনা দেশগুলির – চীন, ভারত এবং ব্রাজিল – উপর শুল্ক আরোপ করতে চলেছেন... আমি চীন, ভারত এবং ব্রাজিলকে বলতে চাই: যদি আপনারা এই যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য সস্তা রাশিয়ান তেল কিনতে থাকেন, তবে আমরা আপনাদের চরম ক্ষতি করব এবং আপনাদের অর্থনীতিকে ধ্বংস করে দেব।"

তিনি দাবি করেন যে, এই তিনটি দেশ রাশিয়ার অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৮০ শতাংশের জন্য দায়ী, যা "পুতিনের যুদ্ধ যন্ত্র কে সচল রাখছে।"

তিনি আরও বলেন, "আপনারা (ভারত, চীন এবং ব্রাজিল) যা করছেন তা রক্তের টাকা, কেউ তাকে (পুতিন) না থামালে সে থামবে না।"

রাশিয়াকে সরাসরি সতর্ক করে গ্র্যাহাম বলেন, "আপনার ক্ষেত্রে খেলা বদলে গেছে, প্রেসিডেন্ট পুতিন। আপনি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে নিজের ঝুঁকিতে খেলেছেন। আপনি একটি বড় ভুল করেছেন এবং আপনার অর্থনীতি ক্রমাগতভাবে চূর্ণ হতে থাকবে।"

গ্র্যাহাম দাবি করেন যে, "যে দেশগুলি তার নয় সেগুলিতে আক্রমণ করে" পুতিন প্রাক্তন সোভিয়েত ইউনিয়নকে পুনর্গঠনের চেষ্টা করছেন।

রিপাবলিকান এই নেতা আরও বলেন, "পুতিন এমন দেশগুলি দখল করতে চান যা তার নয়। নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে, ইউক্রেন রাশিয়ার দ্বারা তার সার্বভৌমত্বকে সম্মান করার প্রতিশ্রুতি নিয়ে ১,৭০০ পারমাণবিক অস্ত্র ত্যাগ করেছিল। পুতিন সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন।"



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪