| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জানাজা ছাড়াই আওয়ামী লীগকে কবর দিন : ববি হাজ্জাজ

reporter
  • আপডেট টাইম: মে ১০, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৮১০৩৯ বার পঠিত
জানাজা ছাড়াই আওয়ামী লীগকে কবর দিন : ববি হাজ্জাজ
ছবির ক্যাপশন: ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুথানের ১০ মাস পরেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারার জন্য ‘এনজিও নির্ভর’ উপদেষ্টা পরিষদই দায়ী বলে মন্তব্য করেন গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ।

আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে তিনি বলেন, ধর্মান্তরিত হলে কোনো মুসলমান যেমন জানাজা পাওয়ার অধিকার হারায়, ঠিক একইভাবে গণহত্যা এবং ফ্যাসিবাদী শাসনের কারণে আওয়ামী লীগ রাজনৈতিক সংগঠনের পরিচয় হারিয়েছে। এ জন্য দলটি নিষিদ্ধ করতে কোনো আইনি দীর্ঘসূত্রিতার প্রয়োজন নেই। সরকারকে বলব, জানাজা ছাড়াই আওয়ামী লীগকে কবর দিন।

শনিবার (১০ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন ববি হাজ্জাজ।

এনডিএম চেয়ারম্যান বলেন, অন্তর্বর্তী সরকারের সিংহভাগ ব্যক্তি এনজিও সেক্টর থেকে আসায় তারা নানা বিদেশি শক্তির তল্পিবাহক হিসেবে কাজ করছে। এদের অনেকেই আওয়ামী ফ্যাসিবাদের ১৬ বছরে খুনি হাসিনাকে একবারের জন্যও স্বৈরাচার বলার সাহস দেখায়নি। পেশাগত জীবনের অজুহাতে এরা কখনো রাজপথে নেমে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে একটা টুঁ শব্দ পর্যন্ত করেনি। আর তাই ‘৩৬ জুলাইয়ের’ পর ১০ মাস অতিক্রান্ত হলেও সরকার আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেনি। উল্টো ফ্যাসিবাদের অবৈধ রাষ্ট্রপতিকে ভিআইপি প্রটোকলে দেশত্যাগের সুযোগ করে দিয়েছে।

তিনি বলেন, আসিফ নজরুল সাহেবকে জনতার সামনে এসে ব্যাখা দিতে হবে কেন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সংশোধিত আইনে সংগঠনের বিচার করার বিধান সংযুক্ত করতে পারলেন না। অথচ শুরুতেই এনডিএম আইসিটি ট্রাইব্যুনালে আওয়ামী লীগ এবং ১৪ দলের বিচার চেয়ে আবেদন করেছিল। শহীদের রক্তের সঙ্গে কোন ছলচাতুরী আমরা মেনে নেব না।

ববি হাজ্জাজ বলেন, সরকার চালাতে হলে রাজনৈতিক দক্ষতা এবং জনগণের পালস বোঝার ক্ষমতা লাগে। আওয়ামী লীগের বিরুদ্ধে যে তীব্র জনরোষ সমাজে বিদ্যমান সেটা এনজিও নির্ভর উপদেষ্টা পরিষদ বুঝতে অক্ষম। আমরা প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাচ্ছি সর্বদলীয় বৈঠক করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এবং ব্যর্থ উপদেষ্টাদের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করতে।

বিবৃতিতে তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসবিরোধী আইনে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বলে হুশিয়ারি দেন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪