স্টাফ রিপোর্টার্স
কাজের সন্ধানে অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। শনিবার সকালে সদর উপজেলার বকচর সীমান্ত থেকে তাদের আটক করা হয়। বিজিবির-৫৩ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকদের পরিচয় নিশ্চিত হওয়ার পর শনিবার রাতে এ তথ্য জানিয়েছেন বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির উজ জামান। আটকদের মধ্যে একজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। বাকিরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
আটকরা হলেন: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চুনাখালী খলিফাপাড়ার মো. আজিজুর রহমানের ছেলে মোহাম্মদ উল্লাহ (৪২), নাটোরের সিংড়ার মো. হান্নান শেখের ছেলে মো. রংবাজ সরদার (২৩), মৃত মনতাজ আলির ছেলে মো. সাবজিল ইসলাম (৫২), মৃত বোরকান শেখের ছেলে মো. আশরাফ শেখ (৬০), মোহাম্মদ নূর হোসেনের ছেলে মো. রিয়াজ উদ্দিন (২৭), মো. দশনুর সরদারের ছেলে মো. রবিউল সরদার (২১), মো. সিদ্দিক শেখের ছেলে মো. বাহাদুর শেখ (৪২), মো. ওয়াসিম শেখের ছেলে মো. নাদিম শেখ (২৩), মো. বাবুল শেখের ছেলে মো. রাজিম শেখ (২২), আদেশ আলীর ছেলে মো. আরবাজ সরদার (২২)।
বিজিবি অধিনায়ক মনির উজ জামান বলেন, ‘আটক ওই ১০ বাংলাদেশি ৩-৪ মাস আগে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে যান কাজের সন্ধানে। কাজ শেষে তারা শনিবার সকালে বকচর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এসময় তাদের আটক করে ওই সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা।’
বিজিবি অধিনায়ক আরও বলেন, ‘আটকদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করা হয়। পরে পুলিশের কাছে সোপর্দ করা হয় ওই ১০ বাংলাদেশিকে।’
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বিজিবির দেওয়া মামলায় ওই ১০ বাংলাদেশিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমের তাদের কারাগারে পাঠানো হবে।
রিপোর্টার্স২৪/এসবি