কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ধরলা ব্রিজ থেকে ১.২৫ কিলোমিটার দূরে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করছে পুলিশ।
বুধবার ( ৩ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশের একটি দল। এর আগে মরদেহটি দেখতে পান স্থানীয় মানুষজন।
স্থানীয়রা জানান, আনুমানিক ৪২ বছর বয়সী এক যুবকের মরদেহ ধরলা নদীতে ভাসতে দেখে পরে পুলিশকে খবর দেন তারা। স্থানীয়দের ধারণা মরদেহটি উজান থেকে ভাসতে ভাসতে ভাটিতে এসেছে। তার পরনে শুধু লুঙ্গি রয়েছে।
নৌ পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মরদেহটি ২-৩ দিন আগের বলে ধারণা করা হচ্ছে। মরদেহের পরণে শুধু একটি লুঙ্গি ছিল। এখনো মৃত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।
তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়েরের প্রস্তুতি চলছে।
রিপোর্টার্স২৪/সোহাগ