| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশের তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি পর্যালোচনা ও শ্রমিক অসন্তোষ নিয়ে আইএলওর বিবৃতি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৬ ইং | ২২:৪৬:৪০:অপরাহ্ন  |  ১২৮৭ বার পঠিত
বাংলাদেশের তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি পর্যালোচনা ও শ্রমিক অসন্তোষ নিয়ে আইএলওর বিবৃতি

রিপোর্টার্স ডেস্ক: বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতে ন্যূনতম মজুরি পর্যালোচনা নিয়ে চলমান পরিস্থিতি, শ্রমিক অসন্তোষ এবং এর ফলে মানুষের জীবন, জীবিকা ও ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর পড়া প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।

ন্যূনতম মজুরি পর্যালোচনার জন্য সরকার মজুরি বোর্ড গঠন করায় আইএলও সন্তোষ প্রকাশ করেছে। সংস্থাটি বলেছে, মজুরি নির্ধারণ প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা ও কার্যকারিতা নিশ্চিত করতে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আইএলওর মতে, পর্যাপ্ত মজুরি, শোভন কর্মপরিবেশ ও টেকসই ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি শিল্প খাতে সুসম্পর্ক বজায় রাখতে ধারাবাহিক ও গঠনমূলক সামাজিক সংলাপ অপরিহার্য। বাংলাদেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ এই খাতে লাখ লাখ শ্রমিক কাজ করেন, যাদের বড় অংশই নারী।

আইএলওর ন্যূনতম মজুরি নির্ধারণবিষয়ক কনভেনশন (নম্বর ১৩১) অনুযায়ী, ন্যূনতম মজুরি নির্ধারণ ও নিয়মিত সমন্বয়ের ক্ষেত্রে স্বচ্ছতা, তথ্য-উপাত্ত এবং নির্ভরযোগ্য প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

এতে শ্রমিক ও তাঁদের পরিবারের প্রয়োজনীয়তা, জীবনযাত্রার ব্যয় এবং মূল্যস্ফীতির কারণে ক্রয়ক্ষমতার ওপর প্রভাব বিবেচনায় নেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি উৎপাদনশীলতা, কর্মসংস্থান, অর্থনৈতিক উন্নয়ন এবং ব্যবসাপ্রতিষ্ঠানের টেকসই সক্ষমতার মতো অর্থনৈতিক বিষয়গুলোও বিবেচনা করতে হবে।

এ ছাড়া দেশের সামগ্রিক মজুরির হার, সামাজিক নিরাপত্তা সুবিধা, শিল্পের সক্ষমতা এবং সমাজের অন্যান্য শ্রেণির মানুষের তুলনামূলক জীবনযাত্রার মানও মজুরি নির্ধারণের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া উচিত বলে জানিয়েছে সংস্থাটি।

আইএলও আরও বলেছে, মজুরি ও কর্মপরিবেশের টেকসই উন্নয়নের জন্য সরবরাহব্যবস্থার প্রতিটি স্তর এবং সংশ্লিষ্ট সব পক্ষের যৌথ দায়িত্বশীলতা প্রয়োজন। দায়িত্বশীল ব্যবসায়িক ও ক্রয়সংক্রান্ত চর্চা মজুরি পরিশোধের বাধ্যবাধকতা, শোভন কর্মপরিবেশ এবং দীর্ঘমেয়াদে শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ও স্থায়িত্ব নিশ্চিত করতে সহায়ক হতে পারে।

বর্তমান সংকটময় পরিস্থিতিতে শ্রমিকদের সংগঠন করার স্বাধীনতা, সংগঠিত হওয়ার অধিকার এবং যৌথ দর-কষাকষির অধিকার রক্ষার ওপর গুরুত্ব দিয়েছে আইএলও। সংস্থাটির মতে, শিল্প খাতে সুসম্পর্ক বজায় রাখার জন্য এসব অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

একই সঙ্গে সহিংসতা, ভাঙচুর ও উৎপাদন কার্যক্রমে বিঘ্ন ঘটার বিভিন্ন প্রতিবেদন এবং এর ফলে শ্রমিক, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্প-সম্পর্কের ওপর গুরুতর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।

উত্তেজনা কমাতে এবং মজুরি বোর্ডকে তার দায়িত্ব অনুযায়ী সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ দিতে সংশ্লিষ্ট সব পক্ষকে সংলাপ ও শান্তিপূর্ণ পন্থা অনুসরণের আহ্বান জানিয়েছে আইএলও।

সংস্থাটি জানিয়েছে, মজুরি নীতি শক্তিশালী করতে বাংলাদেশ সরকার, মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনগুলোকে কারিগরি সহায়তা, তথ্য-উপাত্ত সংগ্রহ, সক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক সংলাপের মাধ্যমে সহযোগিতা অব্যাহত রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

এ ছাড়া তথ্যনির্ভর ও নারী-সংবেদনশীল জাতীয় মজুরি নীতি গ্রহণে ত্রিপক্ষীয় অংশীজনদের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে আইএলও। এর মাধ্যমে মজুরি নির্ধারণ প্রক্রিয়ায় আরও বেশি পূর্বানুমেয়তা, স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করার পাশাপাশি টেকসই ব্যবসাপ্রতিষ্ঠান এবং শিল্প খাতে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা সম্ভব হবে বলে মনে করে সংস্থাটি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪