| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অস্ত্রের মুখে ৮ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে জিম্মি করে ছিনতাই, পর্যটকদের নিরাপত্তা কোথায়?

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৪, ২০২৬ ইং | ০০:৪৯:০৫:পূর্বাহ্ন  |  ৪৯৭ বার পঠিত
অস্ত্রের মুখে ৮ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে জিম্মি করে ছিনতাই, পর্যটকদের নিরাপত্তা কোথায়?

তপুসরকার হারুন, শেরপুর: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের অন্যতম পর্যটনকেন্দ্র গজনী অবকাশে আবারও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এবার পিস্তল ও দেশীয় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আট শিক্ষার্থীকে জিম্মি করে তাঁদের মুঠোফোন, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে পর্যটনকেন্দ্রসংলগ্ন একটি পাহাড়ে এ ঘটনা ঘটে।

পর্যটনকেন্দ্রটিতে বারবার ছিনতাইয়ের ঘটনা ঘটলেও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ কতটুকু রয়েছে, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যেখানে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আসেন, সেখানে অস্ত্রের মুখে পর্যটকদের জিম্মি হওয়ার ঘটনা গজনীর নিরাপত্তাব্যবস্থা ও পর্যটন ব্যবস্থাপনাকে প্রশ্নের মুখে ফেলেছে।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, শুক্রবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থী, তিনজন শিক্ষক, দুজন স্টাফ এবং খাবারের দায়িত্বে থাকা দুজন কর্মচারীসহ মোট ৭৭ জনের একটি দল গজনী অবকাশকেন্দ্রে বেড়াতে আসেন। পরে তাঁরা কয়েকটি দলে ভাগ হয়ে পর্যটনকেন্দ্রের আশপাশের পাহাড়ে ঘুরতে যান।

এর মধ্যে আট শিক্ষার্থীর একটি দল অবকাশকেন্দ্রসংলগ্ন একটি পাহাড়ে উঠলে পিস্তল ও দেশীয় ধারালো অস্ত্র হাতে একদল দুর্বৃত্ত তাঁদের পথরোধ করে। অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করার পর তাঁদের বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে শিক্ষার্থীদের কাছে থাকা মুঠোফোন, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী রিমন রায়হান বলেন, ‘আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ৭০ জন শিক্ষার্থীসহ মোট ৭৭ জনের একটি দল শুক্রবার সকালে গজনী অবকাশকেন্দ্রে আসি। পরে কয়েকটি দলে ভাগ হয়ে আশপাশের পাহাড়ে ঘুরতে যাই। আমাদের আটজনের একটি দল পাহাড়ে উঠলে পিস্তল ও দেশীয় ধারালো অস্ত্র হাতে কয়েকজন দুর্বৃত্ত আমাদের আটক করে বেঁধে ফেলে। পরে আমাদের মুঠোফোন, মানিব্যাগ ও টাকাপয়সা নিয়ে পালিয়ে যায়। পরে অবকাশকেন্দ্রে ফিরে স্থানীয়দের সহায়তায় অন্যদের সঙ্গে একত্রিত হই।’

গজনী অবকাশ পর্যটনকেন্দ্রের কেয়ারটেকার ক্লেমেন রাখসাম বলেন, ‘আমরা পিকনিক পার্টির সবাইকে দুর্গম পাহাড় ও জঙ্গলের দিকে যেতে নিষেধ করেছিলাম। তারপরও তাঁরা সেখানে গিয়েছিলেন। ছিনতাইয়ের ঘটনার পর থানায় খবর দিই। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ বলেন, ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক পাহাড়ের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। তবে দুর্বৃত্তরা দুর্গম পাহাড়ে চলে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

 অবকাশকেন্দ্রে পুলিশের সদস্যরা অবস্থান করছেন। ছিনতাইয়ের শিকার শিক্ষার্থীরা এজাহার দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, বিষয়টি জানার পর খোঁজ নিয়ে তিনি জানতে পেরেছেন, ঘটনাটি অবকাশকেন্দ্রের বাইরে পাহাড়ে ঘটেছে। সেখানে যেতে স্থানীয়রা শিক্ষার্থীদের নিষেধ করেছিলেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রশাসনের দায় এড়ানোর সুযোগ আছে কি?

গজনী অবকাশকেন্দ্রে পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ নতুন নয়। এর আগেও ছিনতাইয়ের একাধিক ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। প্রতিবারই ঘটনার পর পুলিশি তৎপরতা ও প্রশাসনিক আশ্বাসের কথা শোনা গেলেও পর্যটকদের নিরাপত্তায় স্থায়ী ও দৃশ্যমান ব্যবস্থা কতটা কার্যকর হয়েছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

পর্যটনকেন্দ্রে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অন্যতম দায়িত্ব। দুর্গম পাহাড় কিংবা জঙ্গলে পর্যটকদের যাতায়াত ঝুঁকিপূর্ণ হলে সেখানে সতর্কতামূলক সাইনবোর্ড, নিরাপত্তাকর্মী, নিয়মিত টহল এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে প্রবেশ নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকা জরুরি। শুধু পর্যটকদের নিষেধ করার মধ্যেই দায়িত্ব শেষ হতে পারে না।

প্রশ্ন হচ্ছে, গজনী অবকাশে বারবার ছিনতাইয়ের অভিযোগ ওঠার পরও কেন পর্যটকদের নিরাপত্তায় কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা দৃশ্যমান নয়? পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সুনির্দিষ্ট পরিকল্পনা কোথায়? অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনার পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে?

গজনী অবকাশ শুধু ঝিনাইগাতী কিংবা শেরপুরের নয়, এটি দেশের অন্যতম সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র। অথচ নিরাপত্তাহীনতার এমন ঘটনা অব্যাহত থাকলে পর্যটকদের মধ্যে ভীতি তৈরি হবে, ক্ষতিগ্রস্ত হবে এ অঞ্চলের পর্যটনশিল্প ও স্থানীয় অর্থনীতি।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবার আর আশ্বাস নয়, প্রশাসনের কার্যকর পদক্ষেপ দেখতে চান সচেতন মহল। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪