ইন্টারন্যাশনাল ডেস্ক: ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা হোসেইনি খামেনির নির্দেশ পাওয় মাত্রই কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই ইউরোপে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানোর সক্ষমতা ইরানের রয়েছে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে দেশটির বিপ্লবী বাহিনী- আইআরজিসি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মহিব্বি স্পষ্ট জানিয়ে দেন, এ ধরনের প্রতিশোধমূলক সামরিক অভিযান পরিচালনার জন্য ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা যথেষ্ট।
সাংবাদিকদের উদ্দেশে জেনারেল মহিব্বি বলেন, আমাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এমন পর্যায়ে রয়েছে যে, ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা নির্দেশ দিলে আমরা কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই অভিযান পরিচালনা করতে পারব।
ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, এর আগে ইসলামি বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনির নির্দেশে ইরানি ক্ষেপণাস্ত্রের পাল্লার ওপর ২ হাজার কিলোমিটারের একটি সীমা নির্ধারণ করা হয়েছিল।
তবে বর্তমান প্রেক্ষাপটে তিনি যোগ করেন, ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আদেশ দিলে ইউরোপে মার্কিন ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করার সক্ষমতা আমাদের রয়েছে। আমরা এর আগে দিয়েগো গার্সিয়া দ্বীপের আওতার মধ্যে ৪ হাজার ৫০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রদর্শন করেছি।
এদিকে, ওয়াশিংটনে ইরানের ‘ডার্টি বোমা’ ব্যবহারের পরিকল্পনা সংক্রান্ত মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর দাবির বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানান জেনারেল মহিব্বি। তিনি বলেন, এগুলো শত্রু ও ইহুদিবাদী শাসকগোষ্ঠীর তৈরি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট অভিযোগ। আমরা যদি কিছু করতে চাই, তবে তা সাহসিকতার সঙ্গে ঘোষণা দিয়েই করব।
যুক্তরাষ্ট্রকে পাল্টা আঘাতের সতর্কবার্তা দিয়ে আইআরজিসির এই মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বাঁধগুলোতে হামলা চালাতে চায়, তবে তারা অবশ্যই অনুরূপ জবাবের মুখোমুখি হবে।
একই সঙ্গে তৃতীয় কোনো দেশকে ঘাঁটি হিসেবে ব্যবহারের বিষয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, আমাদের কাছে যদি এটি স্পষ্ট হয়, বিশ্বের যে কোনো প্রান্তের অন্য কোনো দেশের ঘাঁটি ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়েছে, তবে সেই দেশটিও আমাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে, এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই।
রিপোর্টার্স২৪/রাফিদ