ভাঙ্গা প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় প্রতিবাদ সভা ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ভাঙ্গা-মাওয়া মহাসড়ক অবরোধ করে তারা। জানা যায়, ভাঙ্গা উপজেলার আলগী, হামিরদী ও মানিকদহ—এই তিনটি ইউনিয়ন ফরিদপুর-৪ আসন থেকে কেটে নিয়ে অন্য উপজেলায় সংযুক্ত করা হয়। এরই প্রতিবাদে ভাঙ্গা উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ সভা করে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী শহিদুল ইসলাম বাবুল খান।
সভায় বক্তব্য দেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সহসভাপতি ওবায়দুল আলম সম্রাট, ওয়াহিদ চৌধুরী, ফারুক জামান ছোট্টু, সাধারণ সম্পাদক আয়ুব আলী মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবহান শামীম, আলমগীর কবিরাজ, সোহেল মুন্সী, সাংগঠনিক সম্পাদক এমওএম তৈমুর লং, শহিদুল ইসলাম বিটু মুন্সী, সহ-সাংগঠনিক সম্পাদক মাহামুদুর রহমান তুরান, মাসুদ রেজা আজিম, প্রচার সম্পাদক ইমরান মীর্জা, দপ্তর সম্পাদক স্মরণ মুন্সী, যুবদল নেতা ফারুক মুন্সী প্রমুখ।
প্রধান অতিথি শহিদুল ইসলাম বাবুল খান বলেন, “অবিভক্ত ভাঙ্গা উপজেলার আলগী, হামিরদী ও মানিকদহ ইউনিয়ন অন্য উপজেলায় যুক্ত করার গভীর ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্রকারীরা কেউ রক্ষা পাবে না। আমরা ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার লোকজন যে কোন কিছুর বিনিময়ে হলেও তার শেষ রক্ষা করবো ইনশাআল্লাহ।” তিনি আগামী ( ৫ সেপ্টেম্বর ) সকালে ভাঙ্গার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া বাসস্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন।
এর আগে উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের নেতৃত্বে নেতাকর্মীরা ভাঙ্গা-মাওয়া মহাসড়কের নতুন পৌরভবন এলাকায় ১০ মিনিটের জন্য সড়ক অবরোধ করেন। এতে দূরপাল্লার যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যানবাহন চলাচল।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা