বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আগামী (৭ সেপ্টেম্বর) থেকে বগুড়ায় শুরু হচ্ছে “জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট”। ওই দিন বিকেল ৩টায় জেলা প্রশাসক হোসনা আফরোজা শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করবেন।
জেলার মোট ১২টি উপজেলা দল অংশ নিচ্ছে এবারের প্রতিযোগিতায়। উদ্বোধনী খেলায় মাঠে নামবে গত আসরের চ্যাম্পিয়ন দুপচাঁচিয়া উপজেলা দল ও সারিয়াকান্দি উপজেলা দল।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা প্রশাসক হোসনা আফরোজা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মেজবাউল করিম, সদস্য সচিব জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সচিব তোছাদ্দেক হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
১২টি দলকে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে। ক গ্রুপ: শাজাহানপুর, সোনাতলা, কাহালু। খ গ্রুপ: শেরপুর, শিবগঞ্জ, গাবতলী। গ গ্রুপ: আদমদীঘি, বগুড়া সদর, নন্দীগ্রাম। ঘ গ্রুপ: সারিয়াকান্দি, ধুনট, দুপচাঁচিয়া।
চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে ট্রফি ও ২ লাখ টাকা প্রাইজমানি, রানার্সআপ দল পাবে ট্রফি ও ১ লাখ টাকা। প্রতিটি ম্যাচে ‘ম্যান অব দ্য ম্যাচ’ ঘোষণা করা হবে। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাকে পুরস্কৃত করা হবে। প্রতি দলে চারজন দেশি বা বিদেশি বহিরাগত খেলোয়াড় রাখার সুযোগ রয়েছে।
সংবাদ সম্মেলন শেষে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি উন্মোচন করা হয়।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা