মাদারীপুর প্রতিনিধি : এনসিপি ও জমায়াতে ইসলামী পিআর পদ্ধতির দাবি তুললেও বাংলাদেশের সাধারণ জনগণের এ বিষয়ে কোনো ধারণা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাসুকুর রহমান মাশুক। বৃহস্পতিবার দুপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, একটি নির্বাচিত সরকার সবসময় একটি অনির্বাচিত সরকারের চেয়ে ১০০ গুণ ভালো। কারণ নির্বাচিত সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়। অনির্বাচিত সরকার বেশিদিন টিকে থাকতে পারে না। তাই কোনো অজুহাতে নির্বাচন পিছানো যাবে না। ঘোষিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।
মাশুক বলেন, প্রচলিত আইন ও সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা হতে হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। তিনি বলেন, আমরা ইনক্লুসিভ একটি নির্বাচন চাই—যেখানে সবাই মিলেমিশে উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, রাষ্ট্রের মালিক জনগণ, তাই জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দিতে হবে। এ জন্য বিএনপির নেতাকর্মীদের পাহারাদারের মতো ভূমিকা রাখতে হবে। সুষ্ঠু ও সময়মতো নির্বাচন না হলে বিএনপি জানে কিভাবে অধিকার আদায় করতে হয়।
অনুষ্ঠানে কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান বেপারীর সভাপতিত্বে ও মাদারীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব অহিদুজ্জামানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোরাফ হোসেন হাওলাদার, জেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা আব্দুস সোবাহান, যুবদলের সাবেক সভাপতি মজিবুর রহমান হাওলাদার, মাদারীপুর সরকারি কলেজের সাবেক ভিপি সরোয়ার হোসেন প্রমুখ।
রিপোর্টার্স২৪/এসএন