| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অপরাধীদের ভাগের চেয়ে সোর্সের ভাগ বেশি: ডিসি রমনা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৪, ২০২৫ ইং | ১২:০০:৩৭:অপরাহ্ন  |  ১৫৭১০২২ বার পঠিত
অপরাধীদের ভাগের চেয়ে সোর্সের ভাগ বেশি: ডিসি রমনা

স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেছেন, অপরাধীদের ভাগের চেয়ে সোর্সরা ভাগ বেশি পায়। কোনো ডাকাতি বা অপারেশন সফল হলে অপরাধীরা যেখানে এক লাখ টাকা ভাগ পায়, সেখানে সোর্সরা পায় দেড় লাখ টাকা।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মিন্টু রোডে ডিবি পরিচয়ে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য গ্রেপ্তার সংক্রান্ত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতারক চক্রের কৌশল প্রসঙ্গে ডিসি মাসুদ আলম বলেন, তাদের প্রচুর পেইড সোর্স রয়েছে। এসব সোর্স ভুক্তভোগীদের টার্গেট করতে সহায়তা করে। কোনো ডাকাতি বা অপারেশন সফল হলে অপরাধীরা যেখানে এক লাখ টাকা ভাগ পায়, সেখানে সোর্সরা পায় দেড় লাখ টাকা। তারা ব্যাংকে সাধারণ গ্রাহক সেজে উপস্থিত থাকে এবং একা বা বয়স্ক ব্যক্তিদের কিংবা বড় অংকের টাকা উত্তোলনকারীদের টার্গেট করে।

কোন বাহিনীর কত সংখ্যক চাকরিচ্যুত সদস্য অপরাধ কর্মকাণ্ডে জড়িত জানতে চাইলে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাকরিচ্যুত সদস্যরা অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। কোনো না কোনো অনৈতিক কাজে যুক্ত থাকায় তারা চাকরি হারিয়েছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে অপরাধচক্রের যোগসাজশ আছে কি না জানতে চাইলে ডিসি মাসুদ আলম জানান, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

উদাহরণ হিসেবে তিনি বলেন, গ্রেপ্তার অপরাধী দীন ইসলাম ওরফে কাউসার আহমেদ নিজেকে পুলিশ ইন্সপেক্টর পরিচয় দেওয়ার জন্য ভুয়া আইডি কার্ড তৈরি করেছিলেন, যা আসল থেকে আলাদা করা কঠিন। তার নামে অন্তত ১০টি ডাকাতি মামলা রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া সদস্যদের চেনার উপায় প্রসঙ্গে ডিসি মাসুদ বলেন, জনবহুল এলাকা থেকে যদি কেউ বাহিনীর পরিচয়ে কাউকে তুলে নিতে আসে, তখন আশপাশের মানুষকে জিজ্ঞেস করতে হবে কোন বিভাগ বা কোন বাহিনীর সদস্য তারা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪