| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুষ্ঠু নির্বাচন ছাড়া ইসির অন্য কোনো এজেন্ডা নেই: সিইসি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৬ ইং | ১৩:৪৮:০২:অপরাহ্ন  |  ২০৩ বার পঠিত
সুষ্ঠু নির্বাচন ছাড়া ইসির অন্য কোনো এজেন্ডা নেই: সিইসি

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইলেন প্রধান নির্বাচন কমিশনার, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে দেওয়া হচ্ছে অগ্রাধিকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনই নির্বাচন কমিশনের (ইসি) একমাত্র লক্ষ্য। এর বাইরে কমিশনের দ্বিতীয় কোনো এজেন্ডা নেই বলে স্পষ্ট জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, সব রাজনৈতিক দল ও অংশীজনের সহযোগিতা পেলে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব। নির্বাচনকে স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন সিইসি।

তিনি বলেন, নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে চায়। এ নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা রাজনৈতিক দলের সমর্থন নিয়ে নির্বাচনী মাঠে থাকবেন। তাই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা ও সহযোগিতা প্রয়োজন।

নির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা ব্যাখ্যা করতে গিয়ে সিইসি বলেন, কমিশন রেফারির ভূমিকা পালন করবে। নির্বাচনী মাঠে কেউ যাতে ফাউল করতে না পারে, তা নিশ্চিত করাই কমিশনের দায়িত্ব। এ বিষয়ে নির্বাচন কমিশন তার প্রতিশ্রুতি রক্ষায় বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের দ্বিতীয় কোনো এজেন্ডা নেই। কমিশন স্বচ্ছ থাকতে চায় এবং নির্বাচনের মাঠের বাস্তবতা সম্পর্কে সবাই অবগত। বিদ্যমান চ্যালেঞ্জগুলো সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে। সব পক্ষের সহযোগিতায় একটি ভালো নির্বাচন আয়োজন করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের অগ্রাধিকার প্রসঙ্গে সিইসি বলেন, ইউনিয়ন পর্যায়ে সাধারণ মানুষের সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ কারণে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং স্থানীয় সরকারের এই নির্বাচন আগে আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের প্রথম দিনের সংলাপ শুরু হয়। প্রথম দিনের এই সংলাপে ১৫টি রাজনৈতিক দল অংশ নেয়। নির্বাচনের পরিবেশ, কমিশনের ভূমিকা এবং নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে দলগুলোর সঙ্গে মতবিনিময় করে ইসি।

প্রথম দিনের সংলাপে অংশ নেওয়া দলগুলো হলো জাতীয় পার্টি (জেপি), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরাম।

সংলাপের ধারাবাহিকতায় আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আরও ১৮টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। এরপর ১ ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও নাগরিক ঐক্যসহ আরও ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে ইসি।

এদিকে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২১ জানুয়ারি। দ্বিতীয় ধাপের ভোট হবে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৭ মে।

তফসিল অনুযায়ী, পাঁচ ধাপে মোট ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের এই ধারাবাহিক সংলাপকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মতামত ও সহযোগিতা নির্বাচনী প্রক্রিয়ায় কতটা ইতিবাচক ভূমিকা রাখে, এখন সেটিই দেখার বিষয়। তবে সিইসির বক্তব্যে স্পষ্ট হয়েছে, কমিশনের প্রধান লক্ষ্য হচ্ছে সব ধরনের প্রভাব ও অনিয়মের ঊর্ধ্বে থেকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪