লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে স্থানীয় সংবাদ মাধ্যমে হত্যাসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি ছোট কাউসারকে সন্ত্রাসী লিখে সংবাদ প্রচার করায় সাংবাদিক তারেক মাহমুদকে হুমকি দেওয়া হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সংবাদ প্রকাশের পর রাত সাড়ে ১১টার দিকে মুঠোফোনে কল দিয়ে বিভিন্ন চাপ প্রয়োগ ও মামলার হুমকি দেয় ছোট কাউসার।
এ ঘটনায় লক্ষ্মীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার ও স্থানীয় অনলাইন লক্ষ্মীপুর টাইমস এর স্টাফ রিপোর্টার তারেক মাহমুদ।
ছোট কাউসার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ছাত্রদল নেতা। সে চন্দ্রগঞ্জে ওমর ফারুককে গুলি করে হত্যা মামলার যাবাজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি ও মামুনুর রশীদ হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি।
২০২৪ সালের ৭ আগস্ট প্রতিপক্ষের বাড়িতে হামলার অভিযোগে ছাত্রদল থেকে বহিষ্কার হয় সে। যদিও পরে আবার তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে ছাত্রদল। বর্তমানে সে ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছে।
গত বছরের ১৪ ডিসেম্বর দৈনিক খবরের কাগজ পত্রিকায় প্রকাশিত 'লক্ষ্মীপুরে দাবড়ে বেড়াচ্ছে অর্ধশত সন্ত্রাসী বাহিনী' শিরোনামে সংবাদে বলা হয় - বর্তমানে লক্ষ্মীপুরের পূর্বাঞ্চলের ত্রাস জিসান বাহিনীর নেতৃত্বে রয়েছেন চন্দ্রগঞ্জ ইউনিয়নের লতিপুর গ্রামের কাউসার ওরফে ছোট কাউসার। কাউসারকে মামুন বাহিনীর প্রধান মামুন হত্যা মামলায় যাবজ্জীবন, জামাই ফারুক হত্যা মামলায় মৃত্যুদণ্ড এবং অন্য একটি মামলায় যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। হত্যাসহ বিচারাধীন আরও এক ডজনের বেশি মামলা রয়েছে তার বিরুদ্ধে। এ বাহিনীর হাতে রয়েছে বেশ কয়েকটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। গত ৫ আগস্ট সরকার পরিবর্তন হওয়ার পর কাউসারের নেতৃত্বে জিসান বাহিনী এলাকায় অপহরণ, চাঁদাবাজি, জমি দখলসহ বিভিন্ন অপরাধ করে যাচ্ছে।
এ বিষয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, বিভিন্ন মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে যৌথবাহিনী, আশা করি দ্রুত সময়ের মধ্যে সে গ্রেপ্তার হবে। সাংবাদিককে হুমকির বিষয়টি নজরে এসেছে। আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবো।
উল্লেখ্য, গত ৩সেপ্টেম্বর রাত ৩টায় চন্দ্রগঞ্জ বিএনপির নির্বাচনকে কেন্দ্র করে দু'পক্ষের গোলাগুলি হয়। এই মর্মে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে ইউনিয়ন ছাত্রদল এবং এক পক্ষ মিছিলও করে। তাতে আহত হয় ছোট কাউসার। এতে কাউসারের নামের পাশে সন্ত্রাসী লিখে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকে হুমকি প্রদান করে সে।
রিপোর্টার্স২৪/ধ্রুব