শেরপুর প্রতিনিধি: শেরপুরে পৃথক অভিযানে ৬৪ বোতল ভারতীয় মদসহ তিন যুবক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের সদস্যরা। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ও বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার সাতপাকিয়া এবং নালিতাবাড়ী উপজেলার পলাশীকুড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
র্যাব সূত্রে জানা গেছে, বুধবার রাত আটটার দিকে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া এলাকায় চন্দ্রিমা ফিলিং স্টেশনের সামনে র্যাব একটি চেকপোস্ট বসায়। এসময় শেরপুর থেকে জামালপুরগামী একটি সিএনজি দেখে সন্দেহ হলে তল্লাশি চালানো হয়। সিএনজিতে থাকা সাগর কুমার দে (২২) ও দুর্জয় সাহা ওরফে তথ্য পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব তাদের আটক করে। তাদের হেফাজতে থাকা পৃথক ব্যাগ থেকে ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা।
অন্যদিকে বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা নালিতাবাড়ী উপজেলার পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে অভিযান চালায়। এসময় মো. হাসান মিয়া (২২) নামের এক মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৩৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৩৪ হাজার টাকা।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা