মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর সীমান্ত দিয়ে মা ও তার দুই মেয়েকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার( ৫ সেপ্টেম্বর) সকালে মুজিবনগর বিজিবি ক্যাম্পের সদস্যরা তিনজনকে আটক করে মুজিবনগর থানায় সোপর্দ করেছে।
আটককৃতরা হলেন- বাগেরহাট জেলার আব্দুস সালামের স্ত্রী মমতা বেগম (৫৭) ও তার দুই মেয়ে ময়না বেগম (৩০) এবং মাহিনুর (২৫)।
মমতা বেগম জানান, ৩০ বছর আগে থেকে তিনি ভারতের হরিয়ানায় বসবাস করতেন। দুই মেয়েকে ভারতেই বিয়ে দিয়েছেন। কয়েকদিন আগে ভারতীয় পুলিশ তাদেরকে আকস্মিকভাবে আটক করে বিএসএফ এর কাছে দেয়। বিএসএফ সদস্যরা আজ সকালে কাটাতারের বেড়া খুলে বাংলাদেশের দিকে আসতে বাধ্য করে।
মুজিববনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, দারিয়াপুর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১১২ এর ৩ এস পিলার এলাকায় বাংলাদেশ ভূখণ্ড থেকে তাদেরকে আটক করা হয়। আটক তিন জনের দেওয়া ঠিকানা যাচাই করার জন্য বাগেরহাটে পুলিশের কাছে বার্তা দেওয়া হয়েছে। নাম ঠিকানা সঠিক হলে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা