বগুড়া প্রতিনিধি: বগুড়া সদরের সাবগ্রাম চকঝপু জিগাতলা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো তিন পরিবারের পাশে দাঁড়িয়েছে আমরা বিএনপি পরিবার। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সংগঠনের আহবায়ক আতিকুর রহমান রুমনের নির্দেশনায় ঘটনাস্থল পরিদর্শন করেন বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়কারী কালাম আজাদ।
তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নতুন পোশাক তুলে দেন এবং দ্রুত আর্থিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব মনোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার আবু জাফর মো. রেজা, জাসাস সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস, স্থানীয় বিএনপি নেতা ফারুক হাসান শিমুল, জেড ফোর্সের সাধারণ সম্পাদক কমল, স্বেচ্ছাসেবক দল নেতা নূর আলম ও যুবদল নেতা এসএম রিপন।
পরিদর্শন শেষে কালাম আজাদ বলেন, “বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সুদূর প্রবাসে থেকেও তিনি অসহায় মানুষের খোঁজ-খবর রাখেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট আমরা গভীরভাবে অনুভব করছি। তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। খুব শিগগিরই আরও সহযোগিতা দেওয়া হবে।”
গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই মামুনুর রশিদ, মিনার হোসেন ও মোফাজ্জল হোসেনের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও তিনটি বাড়ির আসবাবপত্র, মূল্যবান কাগজপত্র, নগদ অর্থসহ সব কিছু পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত মোফাজ্জল হোসেন মণ্ডল বলেন, “আমাদের ঘরবাড়ি, আসবাবপত্র, নগদ টাকা সব ছাই হয়ে গেছে। পরিধেয় বস্ত্র ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।”
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা